ইরানে আটক মার্কিনিদের মুক্তির দাবি তুলবে যুক্তরাষ্ট্র

আসন্ন যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় তেহরানের কাছে আটক মার্কিন নাগরিকদের মুক্তির বিষয়টি জোরালোভাবে তোলা হবে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। কূটনৈতিক সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে প্রশাসনের পরিকল্পনা সম্পর্কে অবগত সূত্রগুলো এই তথ্য দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই দাবি আগে প্রকাশ্যে না এলেও আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এটি যুক্ত করতে চায় ওয়াশিংটন। বিষয়টি আলোচনার প্রাথমিক পর্যায়েই উত্থাপন করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, চলমান উত্তেজনার মধ্যেও মানবিক ইস্যুগুলো সামনে আনার কৌশল হিসেবে এই পদক্ষেপ বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। আটক নাগরিকদের মুক্তি নিশ্চিত করা হলে তা আলোচনার পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও মনে করা হচ্ছে।

এ বিষয়ে ‘গ্লোবাল রিচ’ নামের একটি সংস্থার কর্মকর্তা কিয়ারান র‍্যামসি বলেন, ইরান যদি মার্কিন নাগরিকদের মুক্তি দেয়, তাহলে তা বর্তমান সংঘাত থেকে বের হওয়ার একটি সহজ এবং 'ক্ষতিহীন' পথ হতে পারে।

তিনি আরও বলেন, এমন পদক্ষেপ উভয় পক্ষের জন্যই তাৎক্ষণিক উত্তেজনা কমানোর একটি কার্যকর উপায় হতে পারে এবং পরবর্তী আলোচনার পথও সুগম করতে পারে। সূত্র: ডন