ইসরায়েলের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে বড় ধরনের সামরিক প্রস্তুতির ঘোষণা দিয়েছেন উগান্ডার সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবা। তিনি বলেছেন, প্রয়োজনে তিনি উগান্ডার এক লাখ সেনা ইসরায়েলে মোতায়েন করতে প্রস্তুত। তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্ক তৈরি করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া একাধিক পোস্টে তিনি আরও বিভিন্ন দাবি ও হুঁশিয়ারি তুলে ধরেন। এর মধ্যে তুরস্কের প্রতি কড়া অবস্থানও উল্লেখযোগ্য।
তিনি অভিযোগ করেন, সোমালিয়ার মোগাদিসুতে বন্দর, বিমানবন্দরসহ বিভিন্ন অবকাঠামো প্রকল্প থেকে তুরস্ক লাভবান হলেও উগান্ডা দীর্ঘদিন ধরে নিরাপত্তার দায়িত্ব বহন করছে। এই প্রেক্ষাপটে তিনি 'নিরাপত্তা লভ্যাংশ' হিসেবে তুরস্কের কাছ থেকে ১০০ কোটি ডলার দাবি করেন।
একই সঙ্গে তিনি তুরস্কের সবচেয়ে সুন্দরী নারীকে স্ত্রী হিসেবে দেওয়ার দাবি জানান। অর্থ না পেলে কূটনৈতিক সম্পর্ক সীমিত করা বা দূতাবাস বন্ধের মতো পদক্ষেপের কথাও বলেন তিনি।
উগান্ডার সেনাপ্রধান আরও বলেন, এসব বিষয়ে সিদ্ধান্ত না হলে পাল্টা ব্যবস্থা হিসেবে তুরস্কে উগান্ডার দূতাবাস বন্ধ করা হতে পারে। পাশাপাশি তিনি উগান্ডার নাগরিকদের তুরস্ক ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেন।
এর আগেও একাধিক বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন তিনি। ২০২২ সালে তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে বিয়ের প্রস্তাব দেন এবং নিজেকে 'পৃথিবীর সবচেয়ে সুন্দর গরু' হিসেবে উল্লেখ করে ১০০টি আনকোলে গরু উপহার দেওয়ার কথাও জানান। সূত্র: এনডিটিভি