যুদ্ধবিরতির মধ্যেই হরমুজ প্রণালি পাড়ি দিয়েছে দুটি মার্কিন যুদ্ধজাহাজ এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-এর নৌবাহিনী, এবং এ ধরনের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে ‘দৃঢ় ও শক্তিশালী জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
শনিবার (১১ এপ্রিল) এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী জানায়, হরমুজ প্রণালির ওপর তাদের ‘সম্পূর্ণ ও কার্যকর নিয়ন্ত্রণ’ রয়েছে এবং এখানে বিদেশি সামরিক উপস্থিতি মেনে নেওয়া হবে না।
এর আগে ট্রাম্প দাবি করেন, যুদ্ধবিরতির মধ্যেই দুটি মার্কিন ডেস্ট্রয়ার এই কৌশলগত জলপথ অতিক্রম করেছে। কিন্তু তেহরান এই তথ্য প্রত্যাখ্যান করে জানায়, বাস্তবে এমন কোনো ঘটনা ঘটেনি এবং কেউ চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।
এদিকে ইরানের খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি হরমুজ প্রণালির ব্যবস্থাপনা ‘নতুন পর্যায়ে’ উন্নীত করার নির্দেশ দিয়েছেন।
এই প্রেক্ষাপটে প্রণালিটি ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে টোল আদায়ের বিষয়টিও বিবেচনায় রয়েছে। ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই জানিয়েছেন, এই টোল ইরানি মুদ্রায় পরিশোধ করতে হতে পারে।
অন্যদিকে ট্রাম্প সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালিতে কোনো ধরনের টোল আদায় গ্রহণযোগ্য নয়। তিনি দাবি করেন, যদি কোনো জাহাজ ইতোমধ্যে টোল দিয়ে থাকে, তাহলে আন্তর্জাতিক জলসীমায় সেটিকে আটকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে হরমুজ প্রণালিতে নৌ-অবরোধের ঘোষণা দিয়ে এই জলপথে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে মার্কিন নৌবাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন তিনি। সূত্র: প্রেস টিভি
বাধা ছাড়াই হরমুজ প্রণালি অতিক্রম করেছে মার্কিন যুদ্ধজাহাজ
পেজেশকিয়ান-পুতিনের ফোনালাপ, কী কথা হলো?
সামান্য ভুলে হরমুজ প্রণালির 'মৃত্যুঘূর্ণির ফাঁদে' পড়বে জাহাজ: আইআরজিসি 
