ইরানের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধে ইসরায়েলের বিপুল পরিমাণ আর্থিক ব্যয়ের একটি প্রাথমিক হিসাব প্রকাশ করেছে দেশটির অর্থ মন্ত্রণালয়। এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ এই সামরিক অভিযানে এখন পর্যন্ত ১ হাজার ১০০ কোটি ডলারের বেশি (১১ বিলিয়ন ডলার) খরচ হয়েছে।
মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী, এই যুদ্ধের মোট বাজেট খরচ ধরা হয়েছে প্রায় ৩৫ বিলিয়ন শেকেল (১১.৫২ বিলিয়ন ডলার), যার মধ্যে ২২ বিলিয়ন শেকেলই ব্যয় হয়েছে সরাসরি প্রতিরক্ষা খাতে। বিশাল অংকের এই ব্যয়ের বোঝা মেটাতে ইতোমধ্যে ২০২৬ সালের বাজেটে এই অর্থ যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
যুদ্ধের তীব্রতা এবং দীর্ঘমেয়াদী সামরিক প্রস্তুতির কারণে ইসরায়েলি অর্থনীতিতে যে বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের এই পরিসংখ্যান তারই ইঙ্গিত দিচ্ছে।
যুদ্ধকালীন অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেন, 'অর্থ মন্ত্রণালয়ের কার্যকর কর্মতৎপরতা এবং দেশের অর্থনীতির দায়িত্বশীল ব্যবস্থাপনাই এই বিশাল অপারেশনাল সফলতার পেছনে অন্যতম প্রধান শক্তি হিসেবে কাজ করেছে। ফ্রন্টে যে বিশাল সাফল্য অর্জিত হয়েছে এবং ইরানের বিরুদ্ধে আমাদের যে অভূতপূর্ব অর্জন, তাতে অর্থ মন্ত্রণালয়ের কর্মীরা পূর্ণ অংশীদার।'
সূত্র: আলজাজিরা