তুরস্কের কাছ থেকে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ এবং দেশটির সবচেয়ে সুন্দরী নারীকে স্ত্রী হিসেবে দেওয়ার দাবি জানিয়েছেন উগান্ডার সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া একাধিক পোস্টে তিনি এই দাবি ও মন্তব্য করেন।
পোস্টে তিনি অভিযোগ করেন, সোমালিয়ার মোগাদিসুতে বন্দর, বিমানবন্দরসহ বিভিন্ন অবকাঠামো প্রকল্প থেকে তুরস্ক লাভবান হলেও উগান্ডা দীর্ঘদিন ধরে নিরাপত্তার ভার বহন করছে। এই প্রেক্ষাপটে তিনি দাবি করেন, এই 'নিরাপত্তা লভ্যাংশ' হিসেবে তুরস্কের কাছ থেকে ১০০ কোটি ডলার উগান্ডার প্রাপ্য।
একই সঙ্গে তিনি বলেন, তুরস্কের সবচেয়ে সুন্দরী নারীকে তিনি স্ত্রী হিসেবে পেতে চান। এ দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে তার একাধিক বিতর্কিত মন্তব্যের ধারাবাহিকতার অংশ হিসেবে দেখা হচ্ছে।
তিনি আরও সতর্ক করে বলেন, অর্থ না দিলে তুরস্কের দূতাবাস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পাশাপাশি পাল্টা ব্যবস্থা হিসেবে উগান্ডার দূতাবাসও তুরস্কে বন্ধ করা যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।
কাইনেরুগাবা আরও বলেন, উগান্ডার নাগরিকদের নিরাপত্তার স্বার্থে তুরস্ক ভ্রমণ এড়িয়ে চলা উচিত। একই সঙ্গে ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে উগান্ডার এক লাখ সেনা ইসরায়েলে মোতায়েন করতে প্রস্তুত।
এর আগেও নানা বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন তিনি। ২০২২ সালে তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি-কে বিয়ের প্রস্তাব দেন এবং এর বদলে 'পৃথিবীর সবচেয়ে সুন্দর গরু' হিসেবে পরিচিত ১০০টি আনকোলে গরু উপহার দেওয়ার কথাও জানান। সূত্র: এনডিটিভি
তুরস্কের কাছে ১ বিলিয়ন ডলার দাবি উগান্ডার সামরিক প্রধানের
গাজা ও সিরিয়া নিয়ে নেতানিয়াহু-এরদোয়ান পাল্টাপাল্টি হুঁশিয়ারি
