মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা ও ব্যক্তিগত আক্রমণের মুখেও পিছপা হতে রাজি নন পোপ লিও। ট্রাম্প প্রশাসনকে 'ভয় পান না' উল্লেখ করে পোপ জানিয়েছেন, যুদ্ধের বিরুদ্ধে এবং বিশ্ব শান্তির পক্ষে তিনি তাঁর বক্তব্য অব্যাহত রাখবেন।
আলজেরিয়া সফরের পথে বিমানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।
সম্প্রতি ইরান সংঘাত নিয়ে পোপের অবস্থানের কড়া সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে তিনি পোপকে ‘অপরাধের প্রতি দুর্বল’ এবং ‘পররাষ্ট্রনীতিতে ভয়াবহ’ বলে আখ্যা দেন।
ট্রাম্প আরও দাবি করেন, 'আমি হোয়াইট হাউসে না থাকলে পোপ লিও ভ্যাটিকানে থাকতেন না।' তাঁর মতে, পোপ মূলত অত্যন্ত ‘উদারপন্থী’ এবং আমেরিকার স্বার্থবিরোধী কাজ করছেন।
ট্রাম্পের এসব মন্তব্যের জবাবে পোপ লিও বলেন, তিনি কোনো রাজনৈতিক বিতর্কে জড়াতে চান না।
তিনি বলেন, 'আমি ট্রাম্প প্রশাসনকে ভয় পাই না। আমার কাজ সুসমাচার প্রচার করা এবং শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া। বিশ্বে এখন অনেক মানুষ কষ্ট পাচ্ছে, অনেক নিরপরাধ মানুষ প্রাণ হারাচ্ছে। কাউকে না কাউকে তো দাঁড়িয়ে বলতে হবে যে, এর চেয়েও ভালো পথ আছে।'
ইরান-ইসরায়েল যুদ্ধে মার্কিন ভূমিকা এবং ইরানি সভ্যতা ধ্বংস করার হুমকির তীব্র বিরোধিতা করে আসছিলেন পোপ।
বর্তমানে পোপ লিও তাঁর ১১ দিনের আফ্রিকা সফরে রয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রায় ২০ শতাংশ ক্যাথলিক জনগোষ্ঠীর ওপর এই বাকযুদ্ধের কী প্রভাব পড়ে, এখন সেটাই দেখার বিষয়।