মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার যিশু খ্রিস্টের অবয়বে নিজের একটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও চতুর্দশের সঙ্গে চলমান বাকযুদ্ধের মধ্যেই এই চাঞ্চল্যকর কাজটি করলেন তিনি।
সোমবার (১৩ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ কোনো ক্যাপশন ছাড়াই ছবিটি পোস্ট করেন ট্রাম্প।
কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি সেই ছবিতে দেখা যায়, ট্রাম্প লম্বা ঢিলেঢালা পোশাক পরে আছেন এবং বাইবেলে বর্ণিত যিশুর লাজারাসকে পুনরুজ্জীবিত করার ঘটনার মতো একজন অসুস্থ ব্যক্তির গায়ে হাত রাখছেন। তাঁর আঙুল থেকে আলোকচ্ছটা ছড়িয়ে পড়ছে এবং উপস্থিত জনতা শ্রদ্ধার সাথে তা দেখছে। ছবির চারপাশে মার্কিন পতাকা, সামরিক বিমান এবং ঈগলের মতো দেশপ্রেমের প্রতীকও যুক্ত করা হয়েছে।
ঘটনার সূত্রপাত ইরান যুদ্ধ নিয়ে পোপ লিও-এর একটি মন্তব্যকে কেন্দ্র করে। পোপ বলেছিলেন, যারা যুদ্ধ শুরু করেন তাদের হাত রক্তে রঞ্জিত থাকে এবং ঈশ্বর তাদের প্রার্থনা গ্রহণ করেন না। পোপের এই অবস্থানের প্রতিবাদেই ট্রাম্প আক্রমণাত্মক হয়ে ওঠেন।
পোপকে কড়া ভাষায় আক্রমণ করে ট্রাম্প বলেন, তিনি পোপের কর্মকাণ্ডে মোটেও সন্তুষ্ট নন এবং পোপ তাঁর দায়িত্ব ঠিকমতো পালন করছেন না। পোপকে ‘অত্যন্ত উদারপন্থী’ এবং ‘উগ্র বামপন্থীদের’ প্রতি সহানুভূতিশীল বলে অভিযুক্ত করেন ট্রাম্প। তিনি পরামর্শ দেন, মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বা পররাষ্ট্রনীতি নিয়ে মন্তব্য না করে পোপের উচিত কেবল ধর্মীয় কাজে মনোনিবেশ করা।
এর আগেও ২০২৫ সালে নিজেকে পোপের পোশাকে সাজানো একটি এআই ছবি শেয়ার করে বিতর্ক সৃষ্টি করেছিলেন ট্রাম্প।
শান্তি কামনায় পোপের আহ্বানে ক্ষেপেছেন ট্রাম্প
