পোপ লিওকে ট্রাম্পের সতর্কবার্তা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পরমাণু বোমা তৈরির প্রচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে পোপ লিওকে উদ্দেশ্য করে ট্রাম্প এ কথা বলেন।

বিবৃতিতে ট্রাম্প লেখেন, কেউ কি দয়া করে পোপ লিওকে বলবেন যে ইরান গত দুই মাসে অন্তত ৪২ হাজার নিরীহ ও নিরস্ত্র প্রতিবাদকারীকে হত্যা করেছে? এমন দেশের কাছে পারমাণবিক বোমা থাকা একেবারেই অগ্রহণযোগ্য। বিবৃতির শেষে তিনি জোরালোভাবে বলেন, আমেরিকা ইজ ব্যাক! (আমেরিকা ফিরে এসেছে)।

এই বাকযুদ্ধ শুরু হয় দুই দিন আগে, যখন পোপ লিও ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সমালোচনা করেন। পোপের এমন অবস্থানের প্রতিক্রিয়ায় ট্রাম্প তাকে অপরাধের বিষয়ে দুর্বল এবং পররাষ্ট্রনীতিতে ভয়াবহ বলে আখ্যা দেন।  

পাল্টা জবাবে পোপ লিও জানিয়েছেন, তিনি ট্রাম্প প্রশাসনকে ভয় পান না এবং যুদ্ধের ভয়াবহতার বিরুদ্ধে তার প্রতিবাদ অব্যাহত রাখবেন।

তবে বিক্ষোভে ৪২ হাজার মানুষের মৃত্যুর যে দাবি ট্রাম্প করেছেন, তার উৎস নিয়ে অস্পষ্টতা রয়েছে। ইরান সরকার এই সংখ্যা ৩,১১৭ বললেও প্রবাসী মানবাধিকার সংগঠনগুলো তা ৭,০০৭ বলে দাবি করেছে। অন্যদিকে, জাতিসংঘের বিশেষ দূত মাই সোতো নিহতের সংখ্যা ৫ থেকে ২০ হাজারের মধ্যে হতে পারে বলে ধারণা দিয়েছেন। মজার বিষয় হলো, জাতিসংঘের আণবিক তদারকি সংস্থা এখনো ইরানের পরমাণু অস্ত্র তৈরির কোনো অকাট্য প্রমাণ পায়নি।