ইরান নিজেরাই জানে না তাদের নেতা কে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আবারও ইরানের নেতৃত্ব নিয়ে কড়া মন্তব্য করে বলেছেন, দেশটির ভেতরে কে প্রকৃত নেতৃত্ব দিচ্ছে তা নিয়েই চরম বিভ্রান্তি চলছে এবং তারা নিজেরাই এখনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না।

তিনি দাবি করেন, ইরানের ভেতরে কট্টরপন্থী ও তুলনামূলক মধ্যপন্থীদের মধ্যে তীব্র অন্তর্দ্বন্দ্ব চলছে, যেখানে এক পক্ষ যুদ্ধক্ষেত্রে দুর্বল হচ্ছে এবং অন্য পক্ষ প্রভাব বাড়ানোর চেষ্টা করছে।

ট্রাম্পের এই মন্তব্য আসে এমন সময়, যখন মার্কিন প্রশাসন বলছে তারা ইরানের ভেতরে একটি 'ঐক্যবদ্ধ প্রস্তাব' পাওয়ার অপেক্ষায় রয়েছে, যা যুদ্ধ শেষ করার সম্ভাব্য চুক্তির ভিত্তি হতে পারে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, মার্কিন প্রশাসন বিশ্বাস করে ইরানের হয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কে নেবে তা ইরানিরা জানে এবং তারা ইরানের পক্ষ থেকে একটি একক ও সমন্বিত অবস্থান দেখতে চায়।

এদিকে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের আলোচক দল ও বিপ্লবী গার্ড বাহিনীর মধ্যে মতপার্থক্য রয়েছে, যা অভ্যন্তরীণ বিভাজনের ইঙ্গিত দিচ্ছে।

ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র বর্তমানে হরমুজ প্রণালি'র ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখে এবং নৌবাহিনীর অনুমতি ছাড়া কোনো জাহাজ চলাচল করতে পারছে না। সূত্র: সিএনএন