ইরানকে ঘিরে চলমান সংঘাত ও আঞ্চলিক কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন এক আলোচক দল পাকিস্তানের উদ্দেশে রওনা দিচ্ছে। হোয়াইট হাউস জানিয়েছে, আলোচনার জন্য সেখানে যাচ্ছেন জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফ।
জ্যারেড কুশনার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর জামাতা এবং তার মেয়ে ইভাঙ্কা ট্রাম্পের স্বামী। ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে আনুষ্ঠানিক পদে না থাকলেও তিনি মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কূটনৈতিক আলোচনায় সক্রিয় ভূমিকা রাখছেন।
অন্যদিকে স্টিভ উইটকফ একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু। দ্বিতীয় মেয়াদের শুরুতে তাকে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকে তিনি প্রশাসনের প্রধান আন্তর্জাতিক আলোচক হিসেবে বিভিন্ন সংকট নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন।
বিশেষ করে ইসরায়েল-হামাস এবং রাশিয়া-ইউক্রেন সংঘাতসংক্রান্ত আলোচনায় স্টিভ উইটকফের সম্পৃক্ততা উল্লেখযোগ্য। দু'টি গুরত্বপূর্ণ যুদ্ধে সম্পৃকতার কারণেই উপযুক্ত ব্যক্তি হিসেবে তাকে বেছে নিয়েছে হোয়াইট হাউজ। সূত্র: বিবিসি