ট্রাম্পকে হত্যাচেষ্টা নিয়ে ক্যারোলিন লেভিটের ভবিষ্যদ্বাণী ভাইরাল

হোয়াইট হাউস সংবাদদাতা সমিতির নৈশভোজে গুলির ঘটনার পর প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের আগের একটি মন্তব্য ঘিরে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে; ঘটনাটিকে কেন্দ্র করে তার বক্তব্যকে অনেকে ‘ভবিষ্যৎবাণী’ হিসেবে উল্লেখ করছেন।

ওয়াশিংটনের হিলটন হোটেলে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানের আগে ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে লেভিট বলেছিলেন, 'আজ রাতে কিছু ‘শট’ হবে', যা মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে তীক্ষ্ণ রাজনৈতিক মন্তব্যের ইঙ্গিত হিসেবেই বলা হয়েছিল।

তিনি আরও বলেন, ট্রাম্পের ভাষণ হবে প্রাণবন্ত ও বিনোদনধর্মী, এবং সেটি তার নিজের লেখা। তবে পরবর্তীতে বাস্তবেই গুলির ঘটনা ঘটায় তার ওই মন্তব্য নতুন অর্থে ভাইরাল হয়ে পড়ে।

স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে অনুষ্ঠানের ভেন্যুতে এক ব্যক্তি নিরাপত্তা চৌকি অতিক্রমের চেষ্টা করে গুলি ছোড়ে। এতে উপস্থিতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তার কারণে ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। তারা অক্ষত ছিলেন।

নিরাপত্তা বাহিনী দ্রুত হামলাকারীকে আটক করে। প্রাথমিকভাবে জানা গেছে, হামলাকারী একাই এই ঘটনা ঘটিয়েছে এবং তার কাছে শটগান, হ্যান্ডগান ও ছুরি ছিল। যদিও তার পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

ঘটনার পর ট্রাম্প সামাজিক মাধ্যমে সিক্রেট সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন। তিনি অনুষ্ঠান চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেও নিরাপত্তা পরিস্থিতির কারণে পুরো আয়োজন পরিকল্পনার বাইরে চলে যায়। সূত্র: ইন্ডিয়া টিভি