ট্রাম্পের নৈশভোজে হামলা

কে এই টমাস অ্যালেন

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৫:১০ পিএম

এখনো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনায় আটক ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করেনি ওয়াশিংটন ডিসি কর্তৃপক্ষ। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে তার পরিচয় তুলে ধরা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের ‘নিউইয়র্ক টাইমস’ এবং ‘সিবিসি নিউজ’ সন্দেহভাজন বন্দুকধারী ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন শনাক্ত করেছে।

সংবাদমাধ্যম সিএনএন সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে, গুলি করা ব্যক্তির নাম কোল টমাস অ্যালেন। ৩১ বছর বয়সী এ ব্যক্তি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। তিনি থাকেন লস অ্যাঞ্জেলসের তোরেন্সে। অ্যালেন শিক্ষক হিসেবে কাজ করেছেন।

সিএনএন বলেছে, হামলাকারী টমাস অ্যালেনের সামাজিকমাধ্যমের প্রোফাইল ঘেটে দেখা গেছে, তিনি সি২ এডুকেশন নামে একটি প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। এটি পরীক্ষার প্রস্তুতি এবং টিউটর কোম্পানি।

২০২৪ সালের ডিসেম্বরে সি২ তাকে ‘মাসের সেরা শিক্ষক’ হিসেবে নির্বাচিত করেছিল।

টমাস অ্যালেন ২০১৭ সালে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। অপরদিকে, গত বছর ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি-ডমিঙ্গেজ হিল থেকে কম্পিউটার সাইন্স থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

তিনি ২০২৪ সালের অক্টোবরে ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী কমালা হ্যারিসকে ২৫ ডলার অনুদান দেন বলেও জানিয়েছে সিএনএন।

এদিকে, এই হামলকারীর একটি ভিডিও প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এতে দেখা যাচ্ছে, তাকে হাত বেঁধে উপুড় করে শুইয়ে রাখা হয়েছে।

সূত্র: সিএনএন

আরও পড়ুন