ট্রাম্পের পর চীন সফরে যাচ্ছেন পুতিন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনদিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন ত্যাগ করেছেন। এরপর চীন সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আন্তর্জাতিক একাধিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

গণমাধ্যমগুলো জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শিগগিরই বেইজিং সফরে যাবেন। সেখানে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হবেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, পুতিনের এই গুরুত্বপূর্ণ চীন সফরের সমস্ত প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সফরের সুনির্দিষ্ট তারিখটি খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে তিনি উল্লেখ করেন।

দুই পরাশক্তির এই শীর্ষ বৈঠকে দ্বিপাক্ষিক নানাবিধ বিষয়ের পাশাপাশি সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের বিষয়টিও আলোচনার এজেন্ডায় বেশ গুরুত্ব পাবে। রয়টার্স জানায়, বিশ্ব রাজনীতি ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে মস্কো এবং বেইজিংয়ের মধ্যকার ঘনিষ্ঠতা দিন দিন আরও সুদৃঢ় হচ্ছে। 

এদিকে চীন সফর কালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ইস্যুতে তিনি ধৈর্য হারাচ্ছেন। গতকাল বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে ইরান যুদ্ধ নিয়ে আলোচনা ও ইরানি বাহিনীর আরব আমিরাত উপকূলের কাছে একটি জাহাজের নিয়ন্ত্রণ নেওয়ার খবর প্রকাশের পর তিনি এ মন্তব্য করেন। হোয়াইট হাউস বলেছে, বেইজিংয়ে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে ট্রাম্প ও সি গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি খোলা রাখার বিষয়ে একমত হয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান এই জলপথ কার্যত বন্ধ করে রেখেছে।