আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব দ্রুতই শেষ হবে’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে আইনপ্রণেতাদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় তিনি এই দাবি করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ট্রাম্প এমন এক সময়ে এই মন্তব্য করলেন, যখন রিপাবলিকান-নিয়ন্ত্রিত মার্কিন সিনেট ইরানের বিরুদ্ধে কংগ্রেসের স্পষ্ট অনুমোদন ছাড়া যুদ্ধ চালানো বন্ধ করতে একটি ‘ওয়ার পাওয়ারস রেজুলেশন’ অগ্রসর করার পক্ষে ভোট দিয়েছে। এই প্রসঙ্গে ট্রাম্প বলেন, তারা (ইরান) খুব মরিয়া হয়ে চুক্তি করতে চায়। তারা এই পরিস্থিতিতে ক্লান্ত। মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ইরানের মাথায় পারমাণবিক অস্ত্রের চিন্তা থাকলেও যুক্তরাষ্ট্র তাদের কোনোভাবেই তা অর্জন করতে দেবে না। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা দারুণ কাজ করেছি। আমার মনে হয়, খুব দ্রুতই এই পরিস্থিতির সমাপ্তি হবে।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করার পর এই যুদ্ধের সূত্রপাত হয়। দীর্ঘদিনের এই সংঘাতের জেরে এখন পর্যন্ত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ প্রায় সাড়ে তিন হাজার মানুষের মৃত্যু হয়েছে। পাল্টা জবাবে ইরানও ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের জর্ডান, ইরাক, সৌদি আরব ও কুয়েতসহ প্রায় এক ডজন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়।
এই যুদ্ধের ফলে শুধু প্রাণহানিই ঘটেনি, বরং পশ্চিম এশিয়ার বিমান পরিবহন ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে এবং হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। যুদ্ধের ৪০ দিনের মাথায় গত ৮ এপ্রিল দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি ঘোষিত হয়, যার মেয়াদ পরবর্তীতে অনির্দিষ্টকালের জন্য বাড়ান ট্রাম্প। তবে যুদ্ধবিরতি চললেও হরমুজ প্রণালি ঘিরে পাল্টাপাল্টি অবরোধ ও উত্তেজনা এখনও কাটেনি। মাঝখানে পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি আলোচনা চললেও এখন পর্যন্ত স্থায়ী কোনো চুক্তি সম্পন্ন হয়নি। সূত্র: দ্য ইকোনমিক টাইমস