ইরানের সঙ্গে চুক্তিতে আরও কঠোর শর্ত দিচ্ছেন ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধ অবসানে চলমান চুক্তি আলোচনায় আরও কঠোর শর্ত অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি।

মার্কিন দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস–এর প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন যে, ট্রাম্প চুক্তির কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ আরও কঠোর করার নির্দেশ দিয়েছেন। এর পর সংশোধিত প্রস্তাব পুনরায় ইরানের কাছে পাঠানো হয়েছে।

তবে নতুন খসড়ায় ঠিক কোন কোন শর্ত পরিবর্তন করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। অন্যদিকে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, ট্রাম্প বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও কড়াকড়ি অবস্থান গ্রহণ করতে আগ্রহী।

এর আগে মার্কিন সূত্রগুলো এএফপিকে জানিয়েছিল, চুক্তির খসড়া প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল এবং কেবল প্রেসিডেন্টের অনুমোদনের অপেক্ষায় ছিল। কিন্তু শুক্রবার (২৯ মে) হোয়াইট হাউসে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকের পরও ট্রাম্প চূড়ান্ত সম্মতি দেননি।

মার্কিন প্রেসিডেন্ট এর আগেও স্পষ্ট করে বলেছেন, যেকোনো সম্ভাব্য চুক্তির প্রধান শর্ত হবে, ইরান কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত রাখাকেও তিনি অগ্রাধিকার দিচ্ছেন।

সব মিলিয়ে আলোচনায় অগ্রগতি হলেও চুক্তির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখনো দরকষাকষি চলছে এবং চূড়ান্ত সমঝোতা অর্জিত হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। সূত্র: এএফপি