মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপ দখল করবে এবং প্রয়োজনে তাৎক্ষণিকভাবে বড় ধরনের সামরিক অভিযান চালাবে।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে রাতেই 'খুব কঠোর হামলা' চালাবে এবং দেশটির তেল-গ্যাস অবকাঠামোর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি দাবি করেন, খার্গ দ্বীপ ইরানের অর্থনীতির 'লাইফলাইন', যেখান দিয়ে দেশটির প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল রপ্তানি হয়। এই দ্বীপ নিয়ন্ত্রণে নেওয়া হলে ইরানের বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব থাকবে না বললেই চলে।
ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র ভবিষ্যতে শুধু সামরিক হামলাতেই সীমাবদ্ধ থাকবে না, বরং ইরানের তেল ও গ্যাস বাজারের নিয়ন্ত্রণও গ্রহণ করবে, যা তিনি ভেনেজুয়েলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকার সঙ্গে তুলনা করেন।
এদিকে সামরিক বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, খার্গ দ্বীপে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা বা দখল নিতে হলে বড় আকারের স্থল অভিযান প্রয়োজন হবে, যা যুক্তরাষ্ট্র এখনো এড়িয়ে চলছে। তবে চলমান বিমান হামলায় ইতিমধ্যে দ্বীপের সামরিক অবকাঠামোর বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র: সিএনএন