যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানের বিরুদ্ধে বৃহস্পতিবার (১১ জুন) রাতেই বড় ধরনের সামরিক হামলা চালাবে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তিনি ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপসহ গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে 'খুব কঠোরভাবে' আঘাত করবে। তিনি দাবি করেন, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী, রাডার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং অধিকাংশ আক্রমণাত্মক সক্ষমতা ইতোমধ্যে ধ্বংস হয়ে গেছে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারেও একই চর্বিত চর্বন করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের জন্য কৌশলগত ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপ ও ইরানের গোটা তেল ও জ্বালানি বাণিজ্য ওয়াশিংটনের দখলে নেওয়ার পরিকল্পনার কথা জানান ট্রাম্প।
ট্রাম্প আরও বলেন, অদূর ভবিষ্যতে যুক্তরাষ্ট্র খার্গ দ্বীপ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তেল অবকাঠামো কেন্দ্রের নিয়ন্ত্রণ নেবে। তার ভাষ্য অনুযায়ী, এর মাধ্যমে ইরানের তেল ও গ্যাস বাজারের ওপর 'পূর্ণ নিয়ন্ত্রণ' প্রতিষ্ঠা করা হবে।
বিশ্লেষকদের মতে, খার্গ দ্বীপ ইরানের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। দেশটির বিপুল পরিমাণ অপরিশোধিত তেল এই দ্বীপের মাধ্যমে রপ্তানি হয়। ফলে সেখানে সরাসরি হামলা বা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও গভীর করতে পারে। সূত্র: আলজাজিরা