ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিয়ে আবারও কড়া ভাষায় মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, গত ৪৭ বছর ধরে ইরান ‘খুনোখুনি’ করে পার পেয়ে এসেছে, তবে তার ক্ষমতায় আসার পর সেই পরিস্থিতি বদলে গেছে।
ট্রাম্প লিখেছেন, 'আমি আসার আগ পর্যন্ত ইরান ৪৭ বছর ধরে খুন করে পার পেয়ে গেছে। এরপর সবকিছু বদলে গেছে। আমেরিকা ফিরে এসেছে।'
একই পোস্টে তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও জো বাইডেনকে তীব্র সমালোচনা করেন। ইরান ইস্যু মোকাবিলায় তাদের নীতিকে ব্যর্থ বলে আখ্যা দেন তিনি।
ট্রাম্প আরও দাবি করেন, তেহরানকে সামরিকভাবে পরাজিত করা হয়েছে এবং ইরান আর আগের অবস্থানে নেই।
মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্ক উসকে দিয়েছে। বিশেষ করে ইরানকে ‘খুন করে পার পেয়ে যাওয়া’ রাষ্ট্র হিসেবে বর্ণনা করার বক্তব্যটি ব্যাপক আলোচনা তৈরি করেছে। সূত্র: ডন