ইরানের ক্ষেপণাস্ত্রের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প

আপডেট : ১৮ জুন ২০২৬, ০৯:১২ এএম

অন্যান্য দেশের কাছে যদি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকে, তবে ইরানের কাছে তা না থাকাটা এক ধরনের ‘অন্যায়’ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (১৭ জুন) ফ্রান্সের রাজধানী প্যারিসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই নজিরবিহীন মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার প্রায় চার মাসব্যাপী রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটিয়ে ঐতিহাসিক ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্বাক্ষরের পর ট্রাম্পের মুখ থেকে এমন বক্তব্য এলো।

প্যারিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি এটাই বলছি যে, অন্য দেশগুলোর কাছে যদি এই ক্ষেপণাস্ত্র থাকে, তবে তাদের (ইরান) কাছে কিছুটা না থাকাটা একটু অন্যায়ই বটে।”

মধ্যপ্রাচ্যে ইরানের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের উদাহরণ টেনে ট্রাম্প আরও বলেন, “যদি সৌদি আরব এবং কাতারের মতো দেশগুলোর কাছে এই ক্ষেপণাস্ত্র থাকে, তবে আমি বলব, সেই তুলনায় আনুপাতিক হারে ইরানের কাছেও কিছু ক্ষেপণাস্ত্র থাকাটা ঠিক আছে।”

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে ইরানের ওপর দীর্ঘদিনের মার্কিন অবস্থান থেকে ট্রাম্পের এই মন্তব্যকে সম্পূর্ণ বিপরীত ও ঐতিহাসিক এক ইউ-টার্ন হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সংঘাতের অবসান ঘটলেও মধ্যপ্রাচ্যে এখনই মার্কিন সামরিক উপস্থিতি সম্পূর্ণ গুটিয়ে নেওয়া হচ্ছে না বলে স্পষ্ট করেছেন ট্রাম্প।

তিনি জানান, তেহরানের সাথে ওয়াশিংটনের এই শান্তি চুক্তি হওয়া সত্ত্বেও পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী “আরও কিছুদিনের জন্য”  অবস্থান করবে।

YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত