যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে লক্ষ্য করে কঠোর ও হুমকিমূলক বক্তব্য দিয়েছেন। তবে একজন প্রতিরক্ষা বিশ্লেষকের মতে, ট্রাম্পের এমন বক্তব্যকে সরাসরি বা আক্ষরিক অর্থে নেওয়ার প্রয়োজন নেই।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘এমন একটি সময় আসতে পারে, যখন আমাদের আর সংযত থাকার সুযোগ থাকবে না। তখন আমরা সামরিকভাবে সেই কাজ সম্পূর্ণ করতে বাধ্য হব, যা আমরা অত্যন্ত সফলভাবে শুরু করেছিলাম। যদি এমন পরিস্থিতি আসে, তাহলে ইসলামি প্রজাতন্ত্র ইরানের আর কোনো অস্তিত্ব থাকবে না।’
অস্ট্রিয়ার সাবেক সামরিক অ্যাটাশে ও প্রতিরক্ষা বিশ্লেষক উলফগ্যাং পুস্তাই আল জাজিরাকে বলেন, ট্রাম্পের এ ধরনের বক্তব্য শুধু ইরান বা আন্তর্জাতিক মহলের উদ্দেশেই নয়, বরং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক শ্রোতাদের লক্ষ্য করেও দেওয়া। তাই এসব মন্তব্যকে হুবহু বা আক্ষরিক অর্থে ব্যাখ্যা করা উচিত নয়।
তার ভাষায়, এ ধরনের হুমকিমূলক বক্তব্য ট্রাম্পের জন্য অস্বাভাবিক নয়। তিনি মনে করেন, অতিরিক্ত সামরিক চাপ বা আরও কিছু হামলা চালালেও তাতে ইরানের বড় ধরনের ক্ষতি হবে না, ট্রাম্পও সেটি ভালোভাবেই জানেন।
পুস্তাই আরও বলেন, ট্রাম্প মূলত এই বার্তা দিচ্ছেন যে, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক চাপ বাড়াতে প্রস্তুত রয়েছে এবং হরমুজ প্রণালিতে অবরোধ পুনর্বহাল করার দিকেও তারা যেতে পারে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, এমন পরিস্থিতি তৈরি হলে উপসাগরীয় দেশগুলোও আবার নতুন করে এই সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিতে পড়তে পারে। সূত্র: আলজাজিরা