বেলজিয়ামের অ্যান্টওয়ার্পে বহুতল ভবনে আগুন

বেলজিয়ামের অ্যান্টওয়ার্প শহরের লিঙ্কেরোওয়ের (Linkeroever) আবাসিক এলাকায় একটি ১০ তলা অ্যাপার্টমেন্ট ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকজন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন। বুধবার সকাল স্থানীয় সময় প্রায় ৯টা ৫৩ মিনিটে ভবনের অষ্টম তলায় আগুন লাগার খবর পেয়ে দমকল, অ্যাম্বুলেন্স ও জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২০০ জনেরও বেশি বাসিন্দার এই ভবনে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে ওঠে। ঘন ধোঁয়া ও আগুনের তীব্রতার কারণে দমকলকর্মীদের উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যাপক বেগ পেতে হয়। ভবনের ভেতরে দৃশ্যমানতা খুবই কম থাকায় অভিযান পরিচালনা আরও কঠিন হয়ে পড়ে।

ঘটনাস্থলের ভিডিওচিত্রে দেখা যায়, ধোঁয়ায় আটকে পড়া এক ব্যক্তি শ্বাস নেওয়ার জন্য একটি বারান্দার রেলিং ধরে ঝুলে থাকেন এবং পরে পাশের একটি জানালার দিকে সরে যাওয়ার চেষ্টা করেন। উদ্ধারকারীরা ভবনের বিভিন্ন তলা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেন এবং আহতদের হাসপাতালে পাঠান।

অ্যান্টওয়ার্প ফায়ার জোনের মুখপাত্র মারি ডে ক্লের্ক বলেন, ভবনের ভেতরে ঘন ধোঁয়া ও সীমিত দৃশ্যমানতার কারণে আগুন নেভানোর কাজ অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক দমকল ইউনিট একযোগে কাজ করছে।

বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে ওয়েভার এক বার্তায় অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ক্ষতিগ্রস্ত ও নিরাপদে সরিয়ে নেওয়া বাসিন্দাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি উদ্ধারকারী ও দমকলকর্মীদের সাহসিকতা এবং নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন।

অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: আলজাজিরা