হরমুজের নিয়ন্ত্রণ তেহরানের হাতে নেই: সেন্টকম

ইরানের দাবি নাকচ করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ তেহরানের হাতে নেই এবং এই জলপথ দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার একচ্ছত্র ক্ষমতাও ইরানের নেই।

শুক্রবার (১০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, হরমুজ প্রণালি কোনো একক দেশের নিয়ন্ত্রিত জলপথ নয়। তাই ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত, তেহরানের অনুমতি ছাড়া এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল সম্ভব নয়, এমন দাবি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সেন্টকম আরও দাবি করেছে, চলতি বছরের মে মাসের শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হরমুজ প্রণালি দিয়ে ৮০০টিরও বেশি বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচলে সহায়তা করেছে।

একই সময়ে প্রায় ৩৮ কোটি ব্যারেল অপরিশোধিত তেলও এই জলপথ ব্যবহার করে নিরাপদে পরিবহন করা হয়েছে বলে জানিয়েছে তারা।

যুক্তরাষ্ট্রের এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন হরমুজ প্রণালিকে ঘিরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত এই প্রণালিতে নিরাপত্তা ও নৌ চলাচল নিয়ে দুই পক্ষের পরস্পরবিরোধী অবস্থান আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সূত্র: আলজাজিরা