মোজতবা খামেনি ‘৯০ শতাংশ শেষ’, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সামরিক নেতৃত্ব কার্যত ধ্বংস হয়ে গেছে এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে ও সম্ভাব্য উত্তরসূরি মোজতবা খামেনি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মোজতবা খামেনি ‘৯০ শতাংশ শেষ’। তবে এ দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

সোমবার (১৩ জুলাই) সম্প্রচারিত ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সাম্প্রতিক সংঘাতের পর ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে। তাঁর ভাষ্য, ‘ইরানের কোনো নৌবাহিনী নেই, কোনো বিমানবাহিনী নেই। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। তাদের শীর্ষ নেতারাও আর নেই।’

ট্রাম্প আরও বলেন, ‘তাদের সেরা নেতারা নিহত হয়েছেন। তারা আর নেই। খামেনিও নেই। তাঁর ছেলে ৯০ শতাংশ শেষ।’

তবে বক্তব্যে ট্রাম্প ১৯৮৯ সালে মারা যাওয়া ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাম উল্লেখ করলেও, প্রাসঙ্গিক আলোচনায় তিনি আলি খামেনিকে বোঝাতে চেয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, বিমান হামলায় আহত হওয়ার পর মোজতবা খামেনি চিকিৎসাধীন রয়েছেন। এ কারণে চলতি মাসে ইরান ও ইরাকে অনুষ্ঠিত তাঁর বাবার দাফন ও শোকানুষ্ঠানে তিনি উপস্থিত থাকতে পারেননি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা এবং পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে ট্রাম্প ঘোষণা দেন, ওয়াশিংটন আবারও ইরানের বিরুদ্ধে কঠোর অবরোধ কার্যকর করবে। পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে চলাচলকারী জাহাজের কাছ থেকে অর্থ আদায়ের পরিকল্পনার কথাও তিনি জানান।