ইরানে ৯০ মিনিটব্যাপী শক্তিশালী মার্কিন হামলা

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, বুধবার (১৫ জুলাই) ইরানের বিরুদ্ধে নতুন করে ৯০ মিনিটব্যাপী একটি সামরিক অভিযান চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, এই হামলার মাধ্যমে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ইরানের সক্ষমতা আরও দুর্বল করা হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে জানায়, অভিযানের সময় গ্রেটার তুনব দ্বীপে অবস্থিত উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের সংরক্ষণ ও উৎক্ষেপণস্থলে নির্ভুল অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে।

সেন্টকমের ভাষ্য অনুযায়ী, ৯০ মিনিটের এই অভিযানে ইরানের উপকূলীয় সামরিক সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়, যাতে হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্যিক নৌচলাচলের ওপর হামলার ঝুঁকি কমানো যায়।

এ ঘটনায় ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। হামলায় হতাহতের বা ক্ষয়ক্ষতির বিষয়ে সেন্টকমও কোনো তথ্য প্রকাশ করেনি।

সাম্প্রতিক দিনগুলোতে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা ধারাবাহিকভাবে বেড়ে চলেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত এই প্রণালিকে ঘিরে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সূত্র: এনডিটিভি