ইরান নতুন করে শান্তি আলোচনা শুরু করার অনুরোধ জানানোয় দেশটিতে মার্কিন সামরিক হামলা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে দু’পক্ষের মধ্যে নতুন যুদ্ধবিরতি চুক্তি না হলে হামলা পুনরায় শুরু হবে বলেও সতর্ক বার্তা দিয়েছেন তিনি।
সোমবার (২৭ জুলাই) মার্কিন প্রেসিডেন্টের জন্য বরাদ্দ সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ডোনাল্ড ট্রাম্প বলেন, তারা আমাদের খুব সুন্দরভাবে অনুরোধ করেছে, 'অনুগ্রহ করে থামুন, চলুন আমরা বৈঠকে বসি।' এখন আমরা এই পরিস্থিতিতেই আছি, দেখা যাক কী হয়। যদি আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে না পারি, তবে আমরা আগের অবস্থায় ফিরে যাব।
ইরানের ওপর প্রায় দুই সপ্তাহ ধরে চলা টানা হামলার পর মার্কিন সামরিক অভিযানের পরবর্তী পদক্ষেপ মূল্যায়নের সময় এই সাময়িক স্থগিতাদেশ এলো।
সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের যুদ্ধাস্ত্রের ঘাটতি এবং দীর্ঘায়িত সংঘাতের সম্ভাব্য নেতিবাচক পরিণতির কথা মাথায় রেখে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন হামলা আরও জোরদার করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।