ইরানে নতুন হামলা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে ইরানের ওপর পরিকল্পিত নতুন সামরিক হামলা আপাতত স্থগিত রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্মত হয়েছে। তাঁর দাবি, চলমান যুদ্ধের অবসান ঘটাতে একটি সম্ভাব্য সমঝোতার মৌলিক কাঠামোতে সংশ্লিষ্ট পক্ষগুলো পৌঁছেছে।

শনিবার (১ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, প্রস্তাবিত সমঝোতার অংশ হিসেবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি তাৎক্ষণিকভাবে এবং সম্পূর্ণভাবে উন্মুক্ত করা হবে। তাঁর দাবি, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইরান কার্যত এই গুরুত্বপূর্ণ নৌপথের চলাচল সীমিত করে রেখেছে।

ট্রাম্প পোস্টে লেখেন, "ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে শক্তিশালী পর্যায়ে ছিল। তবে ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ আমাদের কাছে হামলা স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে, কারণ একটি সম্ভাব্য চুক্তির মূল কাঠামোতে ঐকমত্য হয়েছে। এই চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে খুলে দেওয়া হবে এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটবে।"

তিনি আরও বলেন, "বিশ্বের ভবিষ্যৎ কল্যাণ এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের অস্তিত্বের স্বার্থে আমি এই হামলা বাতিল করতে সম্মত হয়েছি। তবে দ্রুত একটি চুক্তি সম্পন্ন হওয়ার শর্তই এর ভিত্তি।"

ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ফেব্রুয়ারিতে ইরানে হামলা চালানো ইসরায়েলও এ সিদ্ধান্তে সম্মতি দিয়েছে। তাঁর ভাষ্য, উভয় দেশ এখন এমন একটি সমঝোতা চূড়ান্ত করার চেষ্টা করবে, যা ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটাতে সহায়ক হবে।

পোস্টের শেষে ট্রাম্প সংশ্লিষ্ট সবাইকে উদ্দেশ করে বলেন, "এখন কাজে নেমে পড়ুন, এবং চুক্তিটি সম্পন্ন করুন।"