চুক্তির পর যুক্তরাষ্ট্র আরও শক্তিশালী হবে: ভ্যান্স

ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির পর যুক্তরাষ্ট্র আরও শক্তিশালী অবস্থানে থাকবে বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

ফক্স নিউজের দ্য ইনগ্রাহাম অ্যাঙ্গেলে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স ইরানের সঙ্গে চলমান আলোচনা এবং হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, ইরানের শাসনব্যবস্থা বর্তমানে বিভক্ত।

একদিকে এমন একটি অংশ রয়েছে যারা যুদ্ধের অবসান চায়, অন্যদিকে এমন কট্টরপন্থী গোষ্ঠী রয়েছে যারা সংঘাত চালিয়ে যেতে চায়।

ভ্যান্সের মতে, এই বিভক্ত পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রকে আলোচনার পথ এগিয়ে নিতে হবে। সম্ভাব্য চুক্তি হলে তা যুক্তরাষ্ট্রকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে বলেও তিনি মন্তব্য করেন।

আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হরমুজ প্রণালি। কৌশলগত এই জলপথ দিয়ে বাণিজ্য ও জ্বালানি পরিবহন স্বাভাবিক রাখার বিষয়টি ইরান–যুক্তরাষ্ট্র আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সূত্র: ফক্স নিউজ