ইরানের সঙ্গে চলমান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ বা কূটনৈতিক সমাধান খুঁজে বের করা প্রয়োজন বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সূত্রের বরাতে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন ব্যক্তিগতভাবে জোর দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রের একটি বিকল্প পথ খুঁজে বের করা প্রয়োজন।
সূত্রগুলো জানিয়েছে, সামরিকভাবে উত্তেজনা আরও বাড়ানো হলে তা যুক্তরাষ্ট্রের জন্য উল্টো ক্ষতির কারণ হতে পারে। এ কারণে সংঘাতের মাত্রা আরও বাড়ানোর পরিবর্তে যুদ্ধ থেকে বেরিয়ে আসার সম্ভাব্য পথ নিয়ে ভাবছে ওয়াশিংটন।
প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি সামরিক তৎপরতা আরও বাড়লে পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে। তাই পরবর্তী পদক্ষেপ নির্ধারণে সামরিক ও কূটনৈতিক, দুই দিকই বিবেচনায় রাখা হচ্ছে।
এ অবস্থায় ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপ হিসেবে যুদ্ধের উত্তেজনা কমিয়ে একটি সমঝোতা বা সংঘাত থেকে বেরিয়ে আসার পথ খোঁজার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। সূত্র: ডন