যুক্তরাষ্ট্রে শিশুদের টিকার সংখ্যা কমানো এবং হাম, গালফোলা (মাম্পস) ও রুবেলা বা ‘এমএমআর’ (MMR) এর সমন্বিত টিকাটি আলাদাভাবে দেওয়ার সুপারিশ করে একটি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবারে (১০ আগস্ট) ওভাল অফিসে এই আদেশে স্বাক্ষরকালে ট্রাম্প দাবি করেন, 'কয়েক দশক আগে শিশুরা আজকের তুলনায় খুব সামান্য টিকা পেত। সেসময় মানুষ অনেক বেশি সুস্থ ছিল এবং অটিজমের হারও এত বেশি ছিল না।'
প্রেসিডেন্টের এই নতুন আদেশে আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিক্স (AAP) নির্দেশিত ১৮টি টিকার পরিবর্তে শিশুদের জন্য ১১টি মৌলিক টিকা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে স্কুলে ভর্তির ক্ষেত্রে টিকার নিয়ম রাজ্যগুলো নির্ধারণ করে থাকে বলে এই আদেশটি বাধ্যবাধকতামূলক নয়, বরং একটি নির্দেশিকা হিসেবে কাজ করবে।
ট্রাম্প বলেন, 'আমরা টিকার সংখ্যা বা ডোজ কমিয়ে আনছি। এগুলো শুধু সংখ্যায় কম হবে না, বরং ডাক্তারের কাছে কয়েক দফায় গিয়ে নিতে হবে।' এমনকি এমএমআর টিকা একসঙ্গে নিলে তা প্রাণঘাতী"হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। এর পক্ষে কোনো তথ্যপ্রমাণ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমি শুনেছি কিছু মানুষ এমনটি বলে থাকেন।
তবে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) স্পষ্ট জানিয়েছে, তিনটি ভিন্ন রোগের একক এমএমআর টিকা একসঙ্গে দেওয়া পুরোপুরি নিরাপদ এবং এটি আলাদা করার কোনো বৈজ্ঞানিক সুফল নেই। চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, টিকা আলাদা করে কয়েক দফায় দিলে শিশুদের মধ্যে রোগ ছড়ানোর ঝুঁকি বা ডোজ মিস করার আশঙ্কা বাড়ে।
ট্রাম্প প্রশাসনের হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস (এইচএইচএস) সেক্রেটারি রবার্ট এফ কেনেডি জুনিয়র জানান, অভিভাবকদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতেই এই পরিবর্তন আনা হয়েছে, কারো টিকা পাওয়ার সুবিধা বন্ধ করতে নয়।
অন্যদিকে, আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিক্সের সভাপতি ড. অ্যান্ড্রিউ রেসিন ট্রাম্পের এই আদেশকে ঝুঁকিপূর্ণ এবং বিজ্ঞানসম্মত নয় বলে আখ্যা দিয়েছেন।
চিকিৎসক ও রিপাবলিকান সেনেটর বিল ক্যাসিডিও আদেশের তীব্র সমালোচনা করে বলেন, প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত নেওয়ার মতো উপযুক্ত কোনো বিশেষজ্ঞ জ্ঞান নেই। টিকা অত্যন্ত নিরাপদ, কার্যকর এবং এটি কোনো অটিজম তৈরি করে না।
এছাড়া ট্রাম্পের আদেশে টিকায় ব্যবহৃত অ্যালুমিনিয়ামের বিকল্প উপাদান উদ্ভাবন ও তার সুরক্ষার পরীক্ষা করতে বলা হয়েছে। তবে বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন, বিগত কয়েক দশক ধরে প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য টিকায় সামান্য পরিমাণে ব্যবহৃত অ্যালুমিনিয়াম সল্ট মানবদেহের জন্য পুরোপুরি নিরাপদ।
সূত্র: আল-জাজিরা