৫ জনকে গুলি করে হত্যা, বনে মিললো বন্দুকধারীর লাশ

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ভয়াবহ এক বন্দুক হামলার ঘটনায় বন্দুকধারী সন্দেহভাজনসহ মোট ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুত্বর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিশিগান স্টেট পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টার দিকে ডেট্রয়েট শহর থেকে ১৬৯ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত মিসৌকি কাউন্টির একটি বাড়ি থেকে গুলির শব্দ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে পুলিশ তিনজনের মরদেহ উদ্ধার করে এবং একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্ত হামলাকারী চ্যাড হিকম্যান (৩৯) পালিয়ে যান। এরপর পুলিশ পুরো এলাকা জুড়ে বড় ধরনের তল্লাশি অভিযান শুরু করে।

অভিযান চলাকালে পুলিশ পার্শ্ববর্তী অন্য একটি বাসা থেকে চতুর্থ ব্যক্তির মরদেহ উদ্ধার করে। একই সময়ে সামাজিক মাধ্যম এক্সে সতর্কবার্তা জারি করে পুলিশ বাসিন্দাদের হিচম্যান থেকে দূরে থাকার নির্দেশ দেয়, কারণ তিনি অত্যন্ত বিপজ্জনক ও সশস্ত্র অবস্থায় ছিলেন।

পরবর্তীতে তল্লাশির একপর্যায়ে হোয়াইটলক লেকের কাছের একটি বনাঞ্চলে হিকম্যানের গাড়িটি দেখতে পায় আইনশৃঙ্খলা বাহিনী। গাড়ির সূত্র ধরে বনের ভেতর হিকম্যানের নিজের মরদেহ এবং তাঁর পাশে ষষ্ঠ আরেক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

পুলিশ নিশ্চিত করেছে যে, ঘটনার তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। নিহতদের একে অপরের সাথে কী সম্পর্ক ছিল এবং ঠিক কীভাবে মৃত্যু হয়েছে- সে বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত বলা যাচ্ছে না। তবে নিহতদের পরিচয় আগে তাঁদের পরিবারের কাছে পৌঁছানো হবে।

এই মর্মান্তিক ঘটনায় দুঃখ প্রকাশ করে লেফটেন্যান্ট অ্যাশলি মিলার এক বিবৃতিতে বলেন, পরিস্থিতিটি স্থানীয় সম্প্রদায়ের জন্য অত্যন্ত হৃদয়বিদারক এবং তদন্তকারীদের জন্যও বড় একটি চ্যালেঞ্জ। আমরা গুরুত্বের সাথে তদন্ত পরিচালনা করছি এবং নতুন তথ্য মিললেই প্রকাশ করব।

সূত্র: সিএনএন