যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে (ভিএসইউ) গুলির ঘটনায় ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ক্যাম্পাসের একটি আবাসিক ভবনের কক্ষের আলমারিতে লুকিয়ে থাকা অবস্থায় তাকে আটক করা হয়। রাতভর চলা এই গুলির ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া তরুণের নাম ক্যামরন হ্যারিস। তিনি ভার্জিনিয়ার হেনরিকো এলাকার বাসিন্দা। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। আহত পাঁচজনের মধ্যে চারজনও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন বলে চেস্টারফিল্ড কাউন্টি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে। আহতদের বয়স ১৭ থেকে ২৩ বছরের মধ্যে। আহতদের মধ্যে ২০ বছর বয়সী একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং চিকিৎসা শেষে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে আহতদের কারও নাম প্রকাশ করা হয়নি।
ঘটনার সম্ভাব্য কারণ বা উদ্দেশ্য সম্পর্কে এখনো কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ। পুলিশ হ্যারিসের বিরুদ্ধে আটটি গুরুতর অপরাধের অভিযোগে পরোয়ানা জারি করেছে। এর মধ্যে রয়েছে ইচ্ছাকৃতভাবে গুরুতর আহত করা এবং অপরাধ সংঘটনে আগ্নেয়াস্ত্র ব্যবহার। তবে তার পক্ষে বক্তব্য দেওয়ার মতো কোনো আইনজীবী রয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর আগে জানিয়েছিল, তারা একাধিক সন্দেহভাজনকে খুঁজছিল। তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ এ বিষয়ে আর কোনো তথ্য দেয়নি। দিনের শুরুতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছিল, ক্যাম্পাসে তাৎক্ষণিক কোনো হুমকি নেই বলে আইনশৃঙ্খলা বাহিনী মনে করছে। পরে ক্যাম্পাসে জারি করা লকডাউনও প্রত্যাহার করা হয়।
শনিবার ভোররাত ১টা ৩০ মিনিটের পর গুলির ঘটনা ঘটে। এতে ক্যাম্পাসে লকডাউন জারি করা হয়। ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন শিক্ষার্থীরা নতুন শিক্ষাবর্ষের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের কোয়াড অ্যানেক্সেস এলাকার কাছে এ ঘটনা ঘটে। সেখানে ক্যাম্পাস পুলিশ ও চেস্টারফিল্ড কাউন্টির কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনের বাইরে গুলিবিদ্ধ অবস্থায় পাঁচজনকে দেখতে পান।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এক সপ্তাহ আগে শিক্ষার্থীদের জন্য আবাসিক হল খুলে দেওয়া হয়েছিল এবং সোমবার থেকে ক্লাস শুরু হওয়ার কথা। এর আগে অনেক শিক্ষার্থী নতুন শিক্ষার্থীদের জন্য আয়োজিত বিশ্ববিদ্যালয়ের ‘নিউ ট্রোজানস এক্সপেরিয়েন্স’ কর্মসূচি শেষ করেছিলেন।
বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে বলেছে, “এই ঘটনায় আমাদের শিক্ষার্থী, অভিভাবক, সাবেক শিক্ষার্থী, বন্ধু এবং বৃহত্তর ভিএসইউ সম্প্রদায়ের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, আমরা তা উপলব্ধি করছি। আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা ও কল্যাণই সর্বোচ্চ অগ্রাধিকার।”
ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটি ভার্জিনিয়ার এট্রিক এলাকায় অবস্থিত একটি ঐতিহাসিক কৃষ্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়। এটি রাজ্যের রাজধানী রিচমন্ড থেকে প্রায় ২৪ মাইল (৩৯ কিলোমিটার) দক্ষিণে। বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ৫ হাজার ৭০০ শিক্ষার্থী পড়াশোনা করেন। এটি কৃষ্ণাঙ্গ আমেরিকানদের জন্য প্রতিষ্ঠিত প্রথম সম্পূর্ণ রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত চার বছর মেয়াদি কলেজ। এর অধিকাংশ শিক্ষার্থীই স্নাতক পর্যায়ের।