ইরানের আত্মসমর্পণের সাদা পতাকা ওড়ানো উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য মার্কিন প্রশাসনের যোগাযোগের একটি গোপন পেছনের পথ বা ব্যাকচ্যানেল রয়েছে, যেখানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের কর্মকর্তারাও যুক্ত আছেন।
সোমবার (১৭ আগস্ট) ফক্স নিউজকে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানকে শেষ পর্যন্ত তার প্রধান দাবিটি মেনে নিতে হবে, তেহরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টেও তিনি বলেন, ইরান যেন কোনোভাবেই, কোনো পরিস্থিতিতেই পারমাণবিক অস্ত্র না পায়, এটাই তার প্রশাসনের প্রধান লক্ষ্য এবং সব সময়ই থাকবে।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতায় নির্ধারিত ৬০ দিনের সময়সীমা শেষ হওয়ার মুখে ট্রাম্প অবশ্য দাবি করেছেন, শান্তির জন্য এখনো সময় রয়েছে। তবে যুদ্ধ বন্ধে তিনি কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেননি।
ট্রাম্প বলেন, তিনি কোনো তাড়াহুড়োর মধ্যে নেই। ইরানকে কঠিন প্রতিপক্ষ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, তারা ভালো পোকার খেলোয়াড়, তবে তারা মারা যাচ্ছে।
এদিকে ইরানের সঙ্গে সরাসরি যোগাযোগের বিষয়টিও নিশ্চিত করেছেন ট্রাম্প। তিনি জানান, মধ্যস্থতাকারীদের পাশ কাটিয়ে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের জন্য একটি ব্যাকচ্যানেল চালু রয়েছে।
যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচন তার সামরিক সিদ্ধান্তকে প্রভাবিত করছে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, মধ্যবর্তী নির্বাচনের সঙ্গে তার চিন্তাভাবনার কোনো সম্পর্ক নেই।
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার পাশাপাশি ওমান নিয়েও কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালি ব্যবস্থাপনা নিয়ে চলমান আলোচনায় ওমান কোনো ধরনের বাধা সৃষ্টি করলে দেশটিতে হামলার হুমকি দেন তিনি।
গাজা পরিস্থিতি নিয়েও কথা বলেন ট্রাম্প। ইসরায়েলকে এই মুহূর্তে গাজায় হামলা না চালানোর আহ্বান জানিয়ে তিনি দাবি করেন, হামাস অস্ত্র সমর্পণের দিকে এগোচ্ছে। গাজায় যুদ্ধবিরতি পরিকল্পনার পরবর্তী ধাপ নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে মতপার্থক্য অব্যাহত থাকার মধ্যেই এমন মন্তব্য করলেন তিনি। সূত্র: সিএনএন