চ্যাটজিপিটিতে হত্যার পরিকল্পনা, গোয়েন্দাদের জানালো এআই

সাবেক প্রেমিকাকে যৌন নির্যাতন ও হত্যার বিস্তারিত পরিকল্পনা নিয়ে এআই চ্যাটবট চ্যাটজিপিটি'র সাথে কথোপকথনের অভিযোগে যুক্তরাষ্ট্রে ড্যারেন জৌ (২৫) নামে সাবেক এক গোল্ডম্যান স্যাক্স কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ব্যবহারকারী ড্যারেন চ্যাটজিপিটিতে একের পর এক ভয়াবহ সহিংসতার ছক কষতে থাকলে তা সাধারণ কোনো আবেগ প্রকাশ বলে মনে করেনি চ্যাটবটটির তৈরি প্রতিষ্ঠান ওপেনএআই। তারা বিষয়টি সরাসরি মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইকে জানায়, যার ভিত্তিতে ফ্লোরিডায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আদালতের নথি অনুযায়ী, কয়েক মাস ধরে জৌ চ্যাটজিপিটির সাথে কথোপকথনে তার সাবেক প্রেমিকাকে হত্যা, জিম্মি করা এবং যৌন নির্যাতনের নানা পরিকল্পনা সাজান। তিনি চ্যাটবটকে জানান, প্রেমিকার জিমের পার্কিং লটে ফুল নিয়ে অপেক্ষা করবেন এবং তিনি সম্পর্কে ফিরতে রাজি না হলে পিস্তল দিয়ে তাকে গুলি করে নিজে আত্মহত্যা করবেন। পরবর্তী সময়ে তার পরিকল্পনার ব্যাপ্তি বেড়ে ওই তরুণীর পরিবারের সদস্যদের ওপরও হামলা পর্যন্ত পৌঁছায়।

ভুক্তভোগী ২১ বছর বয়সী ওই তরুণী পুলিশকে জানান, ড্যারেনের অনিয়ন্ত্রিত, হিংসুটে ও নিয়ন্ত্রণকামী আচরণের কারণে তিনি ফোনের মাধ্যমেই সম্পর্ক বিচ্ছেদ করেছিলেন। কিন্তু বিচ্ছেদের পরও জৌ বিভিন্ন থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে একাধিক ভুয়া নম্বর তৈরি করে তাকে হয়রানি, যৌন হয়রানিমূলক বার্তা ও অনবরত হুমকির মুখে রাখেন।

ওপেনএআই এর দেয়া চ্যাট হিস্ট্রি পর্যালোচনা করে পাম বিচ কাউন্টি শেরিফ বিভাগ নিশ্চিত হয় যে, এসব বার্তা কেবল রাগ প্রকাশ ছিল না, বরং সহিংসতার সুনির্দিষ্ট প্রস্তুতি ছিল। পরে গত মে মাসে ড্যারেনকে গ্রেপ্তার করা হয়। গত ১৩ আগস্ট আদালতে জৌ তার বিরুদ্ধে আনা তিনটি গুরুতর অপরাধ স্বীকার করে নেন। ভুক্তভোগী তরুণীর সম্মতিতে বিচারক জৌকে সরাসরি কারাগারে না পাঠিয়ে ৮ বছরের প্রবেশন প্রদান করেন।

সূত্র: এনডিটিভি