যুক্তরাষ্ট্রে জুলাইয়ে প্রায় ৫০ হাজার অভিবাসী গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করেছে দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই। সংস্থাটির তথ্য অনুযায়ী, গত জুলাইয়ে ৪৯ হাজার ৫৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পর এক মাসে সর্বোচ্চ।

সরকারি পরিসংখ্যান বলছে, জুনের তুলনায় জুলাইয়ে আইসিইর গ্রেপ্তার বেড়েছে প্রায় ১৫ শতাংশ। আর ফেব্রুয়ারির তুলনায় বেড়েছে প্রায় ৭০ শতাংশ। খবর আল জাজিরার।

ট্রাম্প ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার আগে আইসিই সাধারণত প্রতি মাসে ৮ হাজারের কিছু বেশি মানুষকে গ্রেপ্তার করত। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বড় একটি অংশ বিভিন্ন শহর ও অঙ্গরাজ্যের কারাগার থেকে আইসিইর কাছে হস্তান্তর করা হতো।

ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর ধীরে ধীরে আইসিইর অভিযান বাড়তে থাকে। এজেন্টরা কোথায় এবং কাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে পারবেন, সে বিষয়ে আগের কিছু সীমাবদ্ধতাও তুলে নেয় প্রশাসন। গত বছরের ডিসেম্বরেই সংস্থাটির মাসিক গ্রেপ্তার ৪০ হাজার ছাড়িয়ে যায়।

জুলাইয়ে শুধু টেক্সাস ও ফ্লোরিডা অঙ্গরাজ্যেই প্রায় ২০ হাজার অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। অঙ্গরাজ্য দুটি আইসিইর সঙ্গে বিশেষ চুক্তিতে যুক্ত হয়েছে। এর আওতায় স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে অভিবাসন আইন প্রয়োগে আইসিইকে সহায়তার সুযোগ দেওয়া হয়েছে।

অভিবাসনবিরোধী অভিযান জোরদারে আইসিইর জনবল বৃদ্ধিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গত বছর সংস্থাটি প্রায় ১২ হাজার নতুন কর্মকর্তা ও এজেন্ট নিয়োগ করেছে।

ফলে ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ধরপাকড়ের মাত্রা ক্রমেই বাড়ছে। জুলাইয়ের সর্বশেষ পরিসংখ্যান সেই অভিযানের তীব্রতা আরও স্পষ্ট করে তুলেছে।