'ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক ও সামরিক চাপ কাজে লেগেছে'

ইরানের ওপর অর্থনৈতিক চাপ ও সামরিক হামলা, দুই ধরনের পদক্ষেপই কার্যকর বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে কোনটি বেশি কার্যকর, আল জাজিরার এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দুটিই কার্যকর।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান চাপের প্রসঙ্গে ট্রাম্প বলেন, অর্থনৈতিক যুদ্ধ এবং সামরিক অভিযান, দুই পথেই তেহরানের ওপর চাপ সৃষ্টি করা সম্ভব।

এ সময় যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বড় ধরনের সাফল্য অর্জন করছে বলেও নিজের আগের দাবি পুনর্ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর ভাষায়, যুক্তরাষ্ট্র ‘খুব বড় ব্যবধানে জিতছে’।

ট্রাম্প আরও দাবি করেন, মার্কিন চাপের কারণে ইরানের অর্থনীতি ভেঙে পড়ছে। তবে ইরানের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তাঁর এই দাবির পক্ষে সাক্ষাৎকারে কোনো বিস্তারিত পরিসংখ্যান বা প্রমাণ তুলে ধরেননি তিনি।

ট্রাম্পের এমন মন্তব্যের মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অর্থনৈতিক ও সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে। একদিকে ওয়াশিংটন তেহরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে, অন্যদিকে ইরানও সম্ভাব্য মার্কিন হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে আসছে।

ফলে সামরিক পদক্ষেপের পাশাপাশি অর্থনৈতিক চাপকেও ইরানের বিরুদ্ধে মার্কিন কৌশলের গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে দেখছেন ট্রাম্প। সূত্র: ডন