যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞাকে ‘ইকোনমিক ডি-ডে’ আখ্যা দেওয়ার পরই বৈশ্বিক আর্থিক ব্যবস্থা ধ্বংসের আশঙ্কা নাকচ করে দেওয়া মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে ব্যঙ্গ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের গালিবাফ। বেসেন্টের বক্তব্যের অসংগতিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, ‘এটি নরম্যান্ডি নয়, তাৎক্ষণিক অভিনয়ের রাত; আর আপনি নিজের সংলাপের চিত্রনাট্যই ভুলে গেছেন।’
বুধবার (২৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বেসেন্টের সাম্প্রতিক বক্তব্য নিয়ে এ কটাক্ষ করেন গালিবাফ।
এর আগে নতুন দফা নিষেধাজ্ঞা ঘোষণার সময় বেসেন্ট মার্কিন পদক্ষেপকে ‘ইকোনমিক ডি-ডে’ হিসেবে বর্ণনা করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৪ সালে ফ্রান্সের নরম্যান্ডিতে মিত্রবাহিনীর অবতরণের ঐতিহাসিক ‘ডি-ডে’র সঙ্গে তুলনা টানার পর এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, এই অর্থনৈতিক পদক্ষেপ কীভাবে সেই সামরিক অভিযানের সঙ্গে তুলনীয়।
জবাবে বেসেন্ট বলেন, তিনি কেন বৈশ্বিক আর্থিক ব্যবস্থা ধ্বংস করতে চাইবেন। বেসেন্টের এই বক্তব্যকেই তুলে ধরে গালিবাফ লেখেন, একদিকে তিনি বলছেন ‘ইকোনমিক ডি-ডে’, আবার পাঁচ সেকেন্ড পরেই প্রশ্ন করছেন, কেন তিনি বৈশ্বিক আর্থিক ব্যবস্থা ধ্বংস করতে চাইবেন।
এরপর বেসেন্টকে উদ্দেশ করে গালিবাফ আরও লেখেন, ‘স্যার, এটি নরম্যান্ডি নয়। এটি তাৎক্ষণিক অভিনয়ের রাত, আর আপনি নিজের চিত্রনাট্যই ভুলে গেছেন।’
গালিবাফের এই ব্যঙ্গাত্মক মন্তব্য এসেছে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযান এবং পরবর্তী অর্থনৈতিক চাপের মধ্যে। ইরানের দাবি, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ এপ্রিল পর্যন্ত চালানো ওই হামলায় তেহরানের ইসলামি শাসনব্যবস্থা উৎখাত কিংবা দেশটির প্রতিরক্ষা সক্ষমতা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্য অর্জিত হয়নি।
তেহরানের ভাষ্য, ওই হামলার জবাবে ইরান অন্তত ১০০ দফা পাল্টা হামলা চালায়। এসব হামলার মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করেন বলে দাবি করেছে ইরান।
পরে যুক্তরাষ্ট্র একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন এবং জুনে হওয়া সমঝোতা স্মারকের শর্ত ভঙ্গ করেছে বলেও অভিযোগ করেছে তেহরান। ইরানের দাবি, দেশটির ভূখণ্ডে হামলা এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা এসব লঙ্ঘনের অংশ।
ইরান বলছে, যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপেরও পাল্টা জবাব দেওয়া হয়েছে। এর মধ্যে অঞ্চলজুড়ে বিভিন্ন মার্কিন ও মিত্রপক্ষের লক্ষ্যবস্তুতে হামলার পাশাপাশি হরমুজ প্রণালির চলাচল বন্ধ করে দেওয়ার পদক্ষেপও রয়েছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি
অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে ইরান
‘যুক্তরাষ্ট্রের সুযোগের অপেক্ষায় থাকবে না ইরান’
যুক্তরাষ্ট্রকে ওমান চুক্তির শর্ত মেনে আসতে হবে : ইরান