হেগসেথকে অভিশংসনের দাবি মার্কিন কংগ্রেস সদস্যের

ইরানবিরোধী মার্কিন সামরিক অভিযান নিয়ে ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন দেশটির কংগ্রেস সদস্য ইয়াসামিন আনসারি। একই সঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের দাবি জানিয়েছেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আনসারি বলেন, ডোনাল্ড ট্রাম্প ইরানে কথিত অবৈধ যুদ্ধ শুরুর পর গত ছয় মাসে এরই মধ্যে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি দাবি করেন, মার্কিন সামরিক বাহিনীর একটি হামলায় একটি স্কুলে আঘাত হানার পর ১২০ শিশু নিহত হয়েছে। এ ছাড়া যুদ্ধে ১৮ মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন এবং দেশটির জনগণ রেকর্ড উচ্চ জ্বালানি ব্যয়ের চাপের মুখে পড়েছে।

ট্রাম্প ও তাঁর ছেলেরা সরকারি চুক্তি পাওয়া প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানিতে বিনিয়োগ করে বিপুল অর্থ লাভ করছেন বলেও অভিযোগ করেন আনসারি।

কংগ্রেস সদস্যের ভাষ্য, এই যুদ্ধে ট্রাম্প কিংবা হেগসেথ, কেউই কোনো লক্ষ্য অর্জন করতে পারেননি। বরং সেনাসদস্য, শিশু ও নিরীহ বেসামরিক মানুষ অকারণে প্রাণ হারিয়েছেন।

তিনি বলেন, যুদ্ধ অবশ্যই বন্ধ করতে হবে এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসন করা উচিত। সূত্র: মেহর নিউজ এজেন্সি