ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার চীনের নিন্দা চীনের

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ১১:১২ পিএম

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধকে প্রকাশ্য আগ্রাসন আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছে চীন। একই সঙ্গে ইরানের বৈধ অধিকার রক্ষায় সমর্থন পুনর্ব্যক্ত করেছে বেইজিং। পাশাপাশি একতরফা মার্কিন নিষেধাজ্ঞার বিরোধিতা এবং ইসলামাবাদ চুক্তি পুনরুজ্জীবিত করার পক্ষে অবস্থান জানিয়েছে দেশটি।

সোমবার (১৯ অক্টোবর) তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। তিনি বলেন, আলোচনা চলাকালে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়াই ইরানের ওপর হামলা চালানো হয়েছে। চীনের দৃষ্টিতে, এ ধরনের পদক্ষেপ প্রকাশ্য আগ্রাসন।

লি ছিয়াং বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপের নিন্দা জানানো এবং ইরানের বৈধ অধিকার রক্ষায় চীনের অবস্থান স্পষ্ট ও দৃঢ়। আন্তর্জাতিক পরিসরেও ইরানের অধিকার রক্ষায় বেইজিং সমর্থন দিয়ে যাবে বলে জানান তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে ইসলামাবাদ চুক্তি পুনরুজ্জীবিত করার ওপর গুরুত্ব দেন চীনা প্রধানমন্ত্রী।

তেহরানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বিস্তৃত করার আগ্রহও প্রকাশ করেন লি ছিয়াং। তিনি বলেন, চীন ও ইরানের প্রাচীন সভ্যতা এবং দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক দুই দেশের সহযোগিতা জোরদারের শক্তিশালী ভিত্তি তৈরি করেছে। বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ইরানের বৈধ অধিকার রক্ষায় চীন দৃঢ় সমর্থন অব্যাহত রাখবে বলেও আশ্বাস দেন তিনি।

এদিকে সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর সরকারপ্রধানদের বৈঠকে অংশ নিতে সোমবার দুশানবেতে পৌঁছান ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। দুই দিনের এই সফরে সম্মেলনে অংশ নেওয়া কয়েকটি দেশের প্রতিনিধিদের সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে। সূত্র: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি

এএস
আরও পড়ুন