ইরানের বিরুদ্ধে যুদ্ধে সন্ত্রাসীদের ‘নরকে পাঠানো হচ্ছে’ এবং তেলবাহী জাহাজকে ‘সমুদ্রের তলদেশে পাঠানো হচ্ছে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ইরান যুদ্ধ নিয়ে পেন্টাগনে দেওয়া এক বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।
২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় হেগসেথ বলেন, গত ছয় মাসে যুক্তরাষ্ট্র ‘বিশ্বের সবচেয়ে সক্রিয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রকে ধ্বংসস্তূপে পরিণত করেছে’।
ইরানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মার্কিন নাগরিকদের ওপর সন্ত্রাসী হামলায় পৃষ্ঠপোষকতার অভিযোগ তুলে হেগসেথ বলেন, ইরানের কর্মকাণ্ডে কয়েক দশক ধরে হাজারো মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে ইরাক ও আফগানিস্তানে নিহত মার্কিন সেনাসদস্যরাও রয়েছেন বলে দাবি করেন তিনি।
হেগসেথ আবারও দাবি করেন, ইরানের নৌবাহিনী ও বিমানবাহিনী ধ্বংস করে দিয়েছে যুক্তরাষ্ট্র।
তিনি বলেন, ‘আমরা এখনো সন্ত্রাসীদের যেখানে তাদের থাকা উচিত, সেই নরকে পাঠাচ্ছি। আর তেলবাহী জাহাজগুলোকে যেখানে তাদের থাকা উচিত, সেই সমুদ্রের তলদেশে পাঠাচ্ছি।’
ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক অভিযানের বিষয়ে হেগসেথের বক্তব্যে ওয়াশিংটনের কঠোর অবস্থানই আরও স্পষ্ট হয়ে উঠেছে। সূত্র: ডন