লেবাননে হিজবুল্লাহকে মাথা তুলে দাঁড়ানোর কোনো সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির। দক্ষিণ লেবাননের আলি আল-তাহের পর্বতশ্রেণিতে ভয়াবহ বিস্ফোরণের পর তিনি বলেন, হিজবুল্লাহ যাতে আবারও নিজেদের সামরিক সক্ষমতা পুনর্গঠন করতে না পারে, তা নিশ্চিত করবে ইসরায়েল।
দক্ষিণ লেবাননের কিছু অংশ দখল করে থাকা ইসরায়েলি সেনাবাহিনীর ৩৬তম ডিভিশনের সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে জামির বলেন, হিজবুল্লাহর সক্ষমতা পুনর্গঠনের কোনো সুযোগ ইসরায়েল দেবে না।
তিনি আরও বলেন, লেবাননের যেকোনো গ্রামে ‘সন্ত্রাসী অবকাঠামো’ প্রতিষ্ঠা করা হলে ওই গ্রাম নিজেদের বিপদের মধ্যে ফেলবে। তবে ‘সন্ত্রাসী অবকাঠামো’ বলতে ঠিক কী বোঝানো হচ্ছে বা এ ধরনের সামরিক অভিযানে বেসামরিক মানুষের ওপর কী প্রভাব পড়তে পারে, তা স্পষ্ট করেননি তিনি।
ইসরায়েল ও লেবাননের মধ্যে সম্ভাব্য সমঝোতার বিষয়েও কঠোর অবস্থান জানান জামির। তিনি বলেন, লেবাননের সেনাবাহিনী মাঠপর্যায়ে কার্যকারিতা প্রমাণ না করা পর্যন্ত দুই দেশের মধ্যে কোনো চুক্তি এগিয়ে নেওয়া হবে না।
এর আগে ইসরায়েলি বাহিনী জানিয়েছিল, দক্ষিণ লেবাননের আলি আল-তাহের পর্বতশ্রেণিতে হিজবুল্লাহর ভূগর্ভস্থ অবকাঠামো ধ্বংস করতে ব্যাপক বিস্ফোরণ ঘটানো হয়েছে। ওই বিস্ফোরণের অভিঘাতে ৪ দশমিক ১ মাত্রার ভূকম্পন সৃষ্টি হয়েছিল বলেও জানানো হয়।
লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের শনিবারের হিসাবে, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ইসরায়েলি হামলায় দেশটিতে ৮ হাজার ৯২০ জন নিহত এবং ৩০ হাজার ৫৯৫ জন আহত হয়েছেন। সূত্র: আলজাজিরা
১১০০ টন বিস্ফোরক ব্যবহারে লেবাননে ৪.১ মাত্রার ভূমিকম্প
'সৌদি আরবের জাহাজ ছাড়া অন্য সব নৌযান নিরাপদ'
ইসরায়েল-লেবানন আলোচনাকে ‘লজ্জাজনক’ বললেন হিজবুল্লাহ প্রধান