সম্পর্ক উন্নয়নে যুক্তরাষ্ট্রে দুই পান্ডা পাঠালো চীন

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করতে ‘পান্ডা কূটনীতি’র অংশ হিসেবে নতুন এক জোড়া বিশাল পান্ডা পাঠিয়েছে চীন। ‘পিং পিং’ ও ‘ফু শুয়াং’ নামের চার বছর বয়সী এই পান্ডা দুটি আমেরিকার আটলান্টার একটি চিড়িয়াখানার উদ্দেশ্যে বিমানে করে যুক্তরাষ্ট্র যাত্রা করেছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, রবিবার (২৭ সেপ্টেম্বর) ভোরে সিচুয়ান প্রদেশের চেংডু কেন্দ্র থেকে পান্ডা দুটিকে বিশেষ বিমানে তুলে দেওয়া হয়। প্রায় ১৫ ঘণ্টার এই যাত্রায় পান্ডাগুলোর সঙ্গে চীনা পশুচিকিৎসক ও প্রজনন বিশেষজ্ঞরা রয়েছেন। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনা নেতা শি চিনপিংয়ের বাণিজ্য ও প্রযুক্তি সম্পর্কিত বৈঠক শেষ হওয়ার ঠিক পরেই এই উদ্যোগ নেওয়া হলো। উভয় দেশের কর্মকর্তারা আশা করছেন, এই উদ্যোগ দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্ব আরো গভীর করবে।

উল্লেখ্য, ১৯৭২ সাল থেকে চীন সরকার বন্ধুত্বের স্মারক হিসেবে বিশ্বজুড়ে পান্ডা ধার দিয়ে আসছে, যা ‘পান্ডা কূটনীতি’ নামে পরিচিত। যুক্তরাষ্ট্রে নতুন এই জোড়া পাঠানোর মাধ্যমে দুই দেশের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা ও বাণিজ্য যুদ্ধের বরফ গলবে বলে ধারণা করা হচ্ছে।