যুক্তরাষ্ট্রে ইহুদিবিদ্বেষের মাত্রা ১৯৩৮ সালের হিটলারের জার্মানির মতো পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময় জার্মানিতে নাৎসি নিপীড়ন ও ইহুদিদের ওপর গণহামলার মধ্য দিয়ে হলোকাস্টের সূচনা হয়েছিল।
যুক্তরাষ্ট্রে ইহুদিবিদ্বেষের সাম্প্রতিক বৃদ্ধি এবং তা মোকাবিলায় তার প্রশাসনের পদক্ষেপ সম্পর্কে রক্ষণশীল বেতার উপস্থাপক হিউ হিউইট ট্রাম্পের কাছে জানতে চান।
জবাবে ট্রাম্প বলেন, ‘এটা দেখে আমি বিস্মিত। পরিস্থিতি ১৯৩৮ সালের জার্মানির মতো। যা ঘটছে, তা পাগলামি। মানুষের ওপর হামলা, বর্ণবাদী হামলা এবং অন্যান্য আক্রমণের দিকে তাকালে দেখা যায়, আমার ধারণা, এর ৫৭ শতাংশই ইহুদিদের লক্ষ্য করে। বিষয়টি বিশ্বাসই করতে পারবেন না।’
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) পরিসংখ্যান অনুযায়ী, গত বছর দেশটিতে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সংঘটিত বিদ্বেষমূলক অপরাধের ৬৩ শতাংশের লক্ষ্য ছিলেন ইহুদিরা। ২০২৪ সালে এ হার ছিল ৭০ শতাংশ।
১৯৩৮ সালের নাৎসি গণনিপীড়ন ‘ক্রিস্টালনাখট’-এর ৮৮তম বার্ষিকীর কয়েক দিন পর ট্রাম্প এ মন্তব্য করলেন। অনেক ইতিহাসবিদ ক্রিস্টালনাখটকে হলোকাস্টের সূচনাপর্ব হিসেবে বিবেচনা করেন। ওই ঘটনার আগে অ্যাডলফ হিটলার ও তার নাৎসি শাসনামলে ইহুদিদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছিল। পাশাপাশি তাদের ওপর কঠোর বিধিনিষেধ, বয়কট ও বৈষম্য আরোপ করা হয়।
যুক্তরাষ্ট্রে ইহুদিবিদ্বেষ বৃদ্ধির জন্য ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামার শাসনামলকে দায়ী করেছেন। তার দাবি, এ প্রবণতা শুরু হয়েছিল ওবামার ক্ষমতায় থাকার সময়।
তবে অ্যান্টি-ডিফেমেশন লিগসহ বিভিন্ন সংগঠনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ইহুদিবিদ্বেষী ঘটনার সংখ্যা এক দশকের বেশি সময় ধরে বাড়ছে। ২০১৬ সালে ওবামার দ্বিতীয় মেয়াদের শেষ দিকে এ প্রবণতা স্পষ্ট হয়। ওই বছরই ট্রাম্প প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন।
ট্রাম্পের প্রথম মেয়াদেও এ বৃদ্ধি অব্যাহত ছিল। ২০১৮ সালে পিটসবার্গের একটি সিনাগগে বন্দুকধারীর হামলায় ১১ জন ইহুদি নিহত হন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটিই ছিল ইহুদিবিদ্বেষ থেকে সংঘটিত সবচেয়ে প্রাণঘাতী হামলা।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলা এবং পরবর্তী গাজা যুদ্ধের পর যুক্তরাষ্ট্রে ইহুদিবিদ্বেষী ঘটনার সংখ্যা আরও বেড়ে যায়। তখন দেশটির প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন।
ইহুদিবিদ্বেষ ও ইহুদিদের প্রতি বৈষম্য মোকাবিলায় তার প্রশাসন কী করছে? এমন প্রশ্নে ট্রাম্প বিশ্ববিদ্যালয়গুলোকে এ ধরনের ঘটনা দমনে চাপ দেওয়ার কথা বলেন। বিশেষ করে ইসরায়েলবিরোধী ক্যাম্পাস বিক্ষোভের প্রসঙ্গ তুলে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে ইহুদিবিদ্বেষী বলে আখ্যা দেন।
ট্রাম্প বলেন, ‘তারা যা করেছে, তার জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে বিপুল অঙ্কের অর্থ দিতে হচ্ছে। কারণ, তারা ইহুদিবিদ্বেষী। হার্ভার্ডও ইহুদিবিদ্বেষী। আর তাদের এর জন্য বড় অঙ্কের মূল্য দিতে হচ্ছে।’
বিশ্ববিদ্যালয়গুলোতে ইহুদিবিদ্বেষ দমনের নামে ট্রাম্প প্রশাসনের কঠোর পদক্ষেপের মধ্যে গবেষণা তহবিল আটকে দেওয়া এবং আর্থিক সমঝোতার মাধ্যমে অর্থ আদায়ের ঘটনাও রয়েছে।
তবে এসব পদক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রের ইহুদি সম্প্রদায়ের মধ্যে মতভেদ তৈরি হয়েছে। কেউ কেউ বিশ্ববিদ্যালয়গুলোতে ইহুদিবিদ্বেষ মোকাবিলায় প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে, অনেকে গবেষণা তহবিল বন্ধ করে দেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, এভাবে ইহুদিবিদ্বেষের বিষয়টি দলীয় রাজনৈতিক বিতর্কে পরিণত হতে পারে।
সূত্র : টাইমস অব ইসরায়েল