ইরানের নেতৃত্বের কাছ থেকে মৃত্যুর হুমকি পেয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তবে এসব হুমকিতে তিনি কিংবা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার অন্য সদস্যরা ভীত হবেন না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।
শুক্রবার (১৩ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির ‘স্কোয়াক বক্স’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট ইরানের নেতৃত্বের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।
সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইরানের নেতৃত্বকে আমার বলার আছে, এফ দ্য ইরানিয়ান লিডারশিপ। আমি ভীত হয়ে পিছু হটব না। তারা আমার বিরুদ্ধে মৃত্যুর হুমকি দিয়েছে।’
বেসেন্টের দাবি, ট্রাম্প প্রশাসনের অন্য মন্ত্রীরাও এ ধরনের হুমকিতে নিজেদের অবস্থান থেকে সরে আসবেন না। বরং ইরানের পক্ষ থেকে হুমকি আসার বিষয়টি প্রমাণ করে, তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের অর্থনৈতিক চাপ প্রয়োগের কৌশল কার্যকর হচ্ছে।
তিনি বলেন, ‘এর অর্থ হলো, অপারেশন ইকোনমিক আউটকাস্টের মাধ্যমে আমরা যা করছি, তা কাজ করছে।’
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রসঙ্গ টেনে মার্কিন অর্থমন্ত্রী বলেন, ‘তারা কোণঠাসা হয়ে পড়া বিপজ্জনক প্রাণীর মতো আচরণ করছে।’
বেসেন্টের এ বক্তব্য এমন এক সময়ে এলো, যখন মার্কিন অর্থ মন্ত্রণালয় চলতি সপ্তাহের শুরুতে তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়টি নিশ্চিত করে। মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরানের পক্ষ থেকে নিরাপত্তা হুমকি আসার পর বেসেন্ট ও তাঁর পরিবারের সদস্যরা ওয়াশিংটনের নিজ বাসভবন ছেড়ে একটি সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন।
ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক চাপ জোরদারের প্রেক্ষাপটে বেসেন্টের এ মন্তব্য দুই দেশের মধ্যে চলমান উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে।