যে কৌশলে কোটি কোটি ডলারের ক্রিপ্টো হাতিয়ে নিচ্ছে উ. কোরিয়ার হ্যাকাররা

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পিএম

ভুয়া ভিডিও কলের ফাঁদে ফেলে মানুষের পরিচয় ও ব্যক্তিগত তথ্য চুরি করে কোটি কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিচ্ছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত হ্যাকাররা। গত ১৮ মাসে এ কৌশলে ৯০০ জনের বেশি মানুষ প্রতারণার শিকার হয়েছেন। তাদের কাছ থেকে ৪০ কোটি ডলারের বেশি ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে হ্যাকাররা বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। খবর বিবিসির।

‘ফেসস্টিলার’ নামে পরিচিত এ প্রতারণার কৌশল সম্পর্কে সতর্ক করে এফবিআইয়ের সাইবার বিভাগের পরিচালক ব্রেট লেদারম্যান বলেন, উত্তর কোরিয়ার সরকার অবৈধ অস্ত্র কর্মসূচির অর্থায়নে বড় পরিসরের ক্রিপ্টোকারেন্সি চুরির ওপর নির্ভরশীল। সাম্প্রতিক বছরগুলোতে এভাবে দেশটি কোটি কোটি ডলারের সম্পদ হাতিয়ে নিয়েছে।

বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্রতিষ্ঠান বিন্যান্স হ্যাকারদের মাধ্যমে রেকর্ড ৬৩০ কোটি ডলার চুরির ঘটনা প্রকাশ করার এক সপ্তাহ পর এ তথ্য জানাল এফবিআই। বিন্যান্সের দাবি, ভুয়া চাকরির সাক্ষাৎকারের মাধ্যমে প্রতিষ্ঠানটির কাছ থেকে ওই অর্থ চুরি করা হয়।

এখন পর্যন্ত সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি চুরির ঘটনা বলে বিবেচিত এ হামলার পেছনে উত্তর কোরিয়াসংশ্লিষ্ট হ্যাকারদের দায়ী করেছে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো। তবে পিয়ংইয়ং এ অভিযোগ অস্বীকার করেছে।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসস্টিলার নামের নতুন এ কৌশলে বিশেষভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি ও ওয়েব থ্রি খাতে কর্মরত ব্যক্তিদের। বিশেষ করে উন্মুক্ত উৎসের সফটওয়্যার তৈরি ও রক্ষণাবেক্ষণের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বেশি ঝুঁকিতে রয়েছেন।

এফবিআই ও যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তথ্য অনুযায়ী, হ্যাকাররা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অথবা অন্যের নিয়ন্ত্রণে নেওয়া অ্যাকাউন্ট ব্যবহার করে সম্ভাব্য ভুক্তভোগীদের ভিডিও কলে যোগ দেওয়ার আমন্ত্রণ জানায়। এসব কলের জন্য জুম, মাইক্রোসফট টিমস ও গুগল মিটের নকল সংস্করণ ব্যবহার করা হয়।

ভিডিও কলটি বিশ্বাসযোগ্য করে তুলতে হ্যাকাররা লক্ষ্যবস্তুর পরিচিত ব্যক্তিদের আগের রেকর্ড করা ভিডিও চালায়। তবে কলের সময় অডিওতে সমস্যা হচ্ছে, এমন পরিস্থিতি তৈরি করা হয়।

এরপর পর্দায় একটি বার্তা ভেসে ওঠে। সেখানে অডিও ঠিক করতে একটি লিংকে ক্লিক করতে বলা হয়। ওই লিংকে ক্লিক করলেই ভুক্তভোগীর যন্ত্রে ক্ষতিকর সফটওয়্যার ডাউনলোড হয়। এর মাধ্যমে হ্যাকাররা তার যোগাযোগের তালিকা ও বিভিন্ন অ্যাপে প্রবেশাধিকার পায়। ফলে নতুন সম্ভাব্য ভুক্তভোগীদের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হয়।

মার্কিন কর্তৃপক্ষ বলছে, হ্যাকাররা গোপনে এসব ভিডিও কল রেকর্ড করে রাখে। পরে সেই রেকর্ডিং ব্যবহার করে নতুন ব্যক্তিদের প্রতারণার ফাঁদে ফেলা হয়।

এফবিআই ফেসস্টিলারকে ‘অত্যন্ত কার্যকর সামাজিক প্রকৌশলভিত্তিক প্রতারণা কৌশল’ হিসেবে বর্ণনা করেছে। সংস্থাটির মতে, এর মাধ্যমে প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদেরও সহজে বিভ্রান্ত করা সম্ভব।

এক বিবৃতিতে এফবিআইয়ের লস অ্যাঞ্জেলেস কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক প্যাট্রিক গ্র্যান্ডি বলেন, ‘এ কৌশল ভিডিও কনফারেন্সের বহুল ব্যবহৃত প্ল্যাটফর্ম এবং ব্যক্তিগত সম্পর্কের ওপর আমাদের আস্থাকে কাজে লাগায়।’

তিনি আরও বলেন, ‘আপনি যদি মনে করেন, এমন কোনো পরিস্থিতি নেই যেখানে আপনি এর শিকার হতে পারেন, তাহলে আপনি যথেষ্ট সৃজনশীলভাবে ভাবছেন না।’

এএইচএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত