যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট বন্ধে ভোগান্তিতে ১৫ লাখ যাত্রী

যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইটের উড্ডয়ন স্থগিতের ঘটনায় দেড় লাখ নয়, ১৫ লাখেরও বেশি যাত্রীর ভ্রমণ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দেশটির বিভিন্ন বিমানবন্দর থেকে শুক্রবার বিকেল ৪টার পর প্রায় ১১ হাজার ফ্লাইট ছাড়ার কথা ছিল। এসব ফ্লাইটে যাত্রী ছিলেন ১৫ লাখের বেশি।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, টেলিযোগাযোগব্যবস্থায় বিভ্রাটের কারণে যুক্তরাষ্ট্রের ২২টি আঞ্চলিক বিমান চলাচল নিয়ন্ত্রণকেন্দ্রের কার্যক্রমে সমস্যা দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে দেশজুড়ে উড়োজাহাজের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেয় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

পরবর্তী সময়ে কিছু ফ্লাইটকে উড্ডয়নের অনুমতি দেওয়া হয়েছে। তবে বিমান সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে, ফ্লাইট চলাচলে বিলম্ব ও বাতিলের ঘটনা অব্যাহত থাকতে পারে।