গাজার হাসপাতালগুলোতে হামলা বন্ধের আহ্বান মার্কিন আইনপ্রণেতার

পুনর্নির্বাচিত ডেমোক্র্যাটিক কংগ্রেস সদস্য ইয়াসামিন আনসারি গাজায় হাসপাতালের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন। বুধবার রাতে গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি হামলার পর তিনি এ আহ্বান জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আনসারি বলেন, আন্তর্জাতিক আইন স্পষ্ট: হাসপাতালগুলোকে সুরক্ষা দিতে হবে। এ বিষয়ে কোনও ব্যতিক্রম নেই।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শল্যচিকিৎসকও রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জনের বেশি মানুষ।

হামলার পর হাসপাতালগুলোর সুরক্ষা নিশ্চিতের বিষয়ে আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতার কথা তুলে ধরেন আনসারি। এ ঘটনার পর হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে হামলা বন্ধ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব স্থাপনার সুরক্ষা নিশ্চিতের দাবি জানিয়েছেন আনসারি।

সূত্র: আল জাজিরা