যুক্তরাষ্ট্রের বৃহত্তম মুসলিম নাগরিক অধিকার সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসকে (কেয়ার) ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করার সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন টেক্সাসের নবনির্বাচিত ডেমোক্র্যাট গভর্নর জিনা হিনোজোসা। তাঁর মতে, বেসরকারি ও অলাভজনক সংগঠনকে লক্ষ্যবস্তু করলে জননিরাপত্তা নিশ্চিত হয় না।
গত সপ্তাহের শেষ দিকে দ্য ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ প্রতিশ্রুতি দেন। সোমবার মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
হিনোজোসা বলেন, ‘জননিরাপত্তার জন্য আমাদের জননিরাপত্তামূলক ব্যবস্থাই গ্রহণ করতে হবে।’ আগামী জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর বিদায়ী রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবটের জারি করা নির্বাহী আদেশ বাতিল করবেন বলেও ইঙ্গিত দেন তিনি।
তাঁর এ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন নাগরিক অধিকারকর্মীরা। তাঁদের অভিযোগ, অ্যাবট মুসলিমবিদ্বেষ উসকে দিয়েছেন এবং নাগরিক অধিকার রক্ষায় কাজ করা সংগঠনগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যে লক্ষ্যবস্তু করেছেন।
টেক্সাস ননপ্রফিট প্রোটেকশন নেটওয়ার্কের নির্বাহী পরিচালক স্যাম রব্লেস বলেন, অ্যাবটের সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এর মাধ্যমে মুসলিমদের নাগরিক ও রাজনৈতিক অংশগ্রহণকে নিরাপত্তার জন্য হুমকি হিসেবে তুলে ধরা হয়েছে।
কী ছিল অ্যাবটের নির্বাহী আদেশে?
প্রায় এক বছর আগে গভর্নর গ্রেগ অ্যাবট কেয়ার এবং মুসলিম ব্রাদারহুডকে বিদেশি সন্ত্রাসী সংগঠন ও আন্তঃদেশীয় অপরাধী সংগঠন হিসেবে শ্রেণিবদ্ধ করেন। একই সঙ্গে টেক্সাসে এসব সংগঠনের জমি কেনা বা অধিগ্রহণ নিষিদ্ধ করেন এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেন রাজ্যের অ্যাটর্নি জেনারেলকে।
তৎকালীন অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন পরে যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জেমস টালারিকোর কাছে পরাজিত হন।
মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা গভর্নর, লেফটেন্যান্ট গভর্নর, অ্যাটর্নি জেনারেলসহ রাজ্য আইনসভার নিয়ন্ত্রণও পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ রাজ্যটির ক্ষমতাকাঠামোয় দলটির অন্যতম অবশিষ্ট গুরুত্বপূর্ণ প্রতিনিধি।
ক্রুজ মুসলিম ব্রাদারহুডকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে তুলে ধরে আসছেন। গাজায় ইসরায়েলি অবরোধের মধ্যে থাকা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে তিনি মুসলিম ব্রাদারহুডের একটি শাখা বলেও দাবি করেছেন। তবে মুসলিম ব্রাদারহুড বর্তমানে মিসরকেন্দ্রিক অতীতের মতো কেন্দ্রীয় কাঠামোয় পরিচালিত হয় না।
অভিযোগ অস্বীকার কেয়ারের
অ্যাবটের নির্বাহী আদেশে কেয়ারের নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদের বক্তব্যও উল্লেখ করা হয়েছিল। সেখানে যুক্তরাষ্ট্রে মুসলিমদের ক্রমবর্ধমান রাজনৈতিক প্রভাব এবং ভবিষ্যতে সরকারি পদে তাঁদের অংশগ্রহণের বিষয়টি তুলে ধরা হয়।
তবে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ ধারাবাহিকভাবে অস্বীকার করেছে কেয়ার। সংগঠনটির দাবি, তাদের অর্থায়নের প্রধান উৎস সাধারণ মানুষের অনুদান। একই সঙ্গে তারা সন্ত্রাসবাদ ও ইহুদিবিদ্বেষের বিরোধিতা করে আসছে।
টেক্সাসে সন্ত্রাসী সংগঠনের তকমা দেওয়ার সিদ্ধান্তের পর কেয়ার অভিযোগ করেছিল, ইসরায়েলি সরকারের সমালোচনা করা আমেরিকান মুসলিমদের কণ্ঠরোধ করতে অ্যাবট মুসলিমবিদ্বেষকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন।
সংগঠনটি এক বিবৃতিতে বলেছিল, ষড়যন্ত্রতত্ত্ব ও মনগড়া বক্তব্যের ভিত্তিতে একটি গুরুত্বপূর্ণ মুসলিম প্রতিষ্ঠানকে কলঙ্কিত করা হচ্ছে। তাদের ভাষ্য, অ্যাবটের সিদ্ধান্তের কোনো বাস্তব বা আইনি ভিত্তি নেই এবং এ ধরনের পদক্ষেপে তাদের নাগরিক অধিকারবিষয়ক কার্যক্রম বন্ধ করা যাবে না।
টেক্সাসের পাশাপাশি ফ্লোরিডাতেও একই ধরনের বিধিনিষেধের মুখে রয়েছে কেয়ার। সেখানে একটি ফেডারেল আদালত রাজ্য সরকারের দেওয়া সন্ত্রাসী সংগঠনের তকমা বাতিলের আবেদন নাকচ করার পর সংগঠনটি তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়।
বিচারক অ্যালেন সি উইনসর বলেন, অলাভজনক সংগঠনকে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই সন্ত্রাসী হিসেবে শ্রেণিবদ্ধ করার সুযোগ দিয়ে ফ্লোরিডা একটি ‘নতুন এবং সম্ভবত নজিরবিহীন’ আইন প্রণয়ন করেছে। তবে সংগঠনটি যে ফৌজদারি শাস্তির মুখে পড়েছে, তা যথেষ্টভাবে প্রমাণ করতে পারেনি বলে তিনি উল্লেখ করেন।
অন্যদিকে, সংগঠনটিকে আইনি সেবা গ্রহণ থেকে বঞ্চিত করা যাবে না বলে নির্দেশ দেন আদালত। কর্তৃপক্ষও কেয়ারের পরিচালনা পর্ষদের সদস্য, কর্মী ও তৃতীয় পক্ষের সহযোগীদের বিরুদ্ধে মামলা না করার বিষয়ে সম্মত হয়।
সংগঠনটির জাতীয় উপপরিচালক এডওয়ার্ড আহমেদ মিচেল ফ্লোরিডায় কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বলেন, দুই দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো ফ্লোরিডার মুসলিমরা মসজিদে বিদ্বেষমূলক হামলা, কর্মক্ষেত্রে বৈষম্য, স্কুলে সহিংস হয়রানি কিংবা অন্য কোনো ধরনের বিদ্বেষের শিকার হলে তাঁদের প্রধান নাগরিক অধিকার সংগঠনের সহায়তা নিতে পারছেন না।