ফিলিপাইন দিয়ে এশিয়া সফর শুরু ট্রাম্পের, কাল চীনে ঐতিহাসিক বৈঠক

এশিয়া সফরের প্রথম গন্তব্য হিসেবে ফিলিপাইনে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৮ নভেম্বর) সকালে ম্যানিলা থেকে তিনি ফিলিপাইনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন। এরপর চীনের প্রযুক্তি নগরী শেনজেনে যাবেন। সেখানে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) জোটভুক্ত দেশগুলোর নেতাদের দুই দিনব্যাপী বার্ষিক সম্মেলনে অংশ নেবেন।

সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নজিরবিহীন এক ত্রিপক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে ট্রাম্পের। তিনি জানিয়েছেন, বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করবেন।

এ ছাড়া উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এ সপ্তাহে চীনে এলে তাঁর সঙ্গেও দেখা হতে পারে বলে জানিয়েছেন ট্রাম্প।

ওয়াশিংটন ডিসিতে ইরানের কথিত ‘ডার্টি বোমা’ হামলার পরিকল্পনা নিয়ে সিএনএনের একটি এক্সক্লুসিভ প্রতিবেদন খতিয়ে দেখছে মার্কিন প্রশাসন। মার্কিন গোয়েন্দা প্রতিবেদন উদ্ধৃত করে সিএনএন দাবি করেছে, তেহরান এ ধরনের হামলার বিষয়টি বিবেচনা করছে।

ম্যানিলায় পৌঁছানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান এ ধরনের হামলা চালালে দেশটিকে ‘এমন মূল্য দিতে হবে, যা আগে কোনো দেশকে দিতে হয়নি’।

এদিকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কয়েকটি বড় প্রযুক্তিগত বিপর্যয়ের পেছনে হ্যাকার, অপরাধী বা বিদেশি সরকারের হাত থাকার কোনো প্রমাণ নেই বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

তিনি আরও বলেন, এসব ঘটনার মধ্যে পারস্পরিক কোনো যোগসূত্র থাকারও প্রমাণ পাওয়া যায়নি। তবে ধারাবাহিক এসব প্রযুক্তিগত বিপর্যয় যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে বলে স্বীকার করেন তিনি।