যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিপাইন সফরের প্রতিবাদে রাজধানী ম্যানিলায় হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। এ ঘটনায় প্রায় ৩০০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। বিক্ষোভ দমনে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের (আসিয়ান) শীর্ষ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার ম্যানিলায় পৌঁছান ট্রাম্প। তাঁর প্রশাসনের বিভিন্ন নীতি, ইরানবিরোধী যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের অর্থনৈতিক প্রভাব এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও গুরুত্বপূর্ণ খনিজসম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।
আয়োজকদের ধারণা, বিক্ষোভে ১০ হাজার পর্যন্ত মানুষ অংশ নিতে পারেন। সম্মেলনের ভেন্যু ফিলিপাইন ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের দিকে মিছিল নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের।
মঙ্গলবার সম্মেলনস্থলে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বিক্ষোভকারীদের বাধা দেয়। সম্মেলনকে কেন্দ্র করে ম্যানিলার কেন্দ্রীয় এলাকার বড় একটি অংশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বিক্ষোভকারীরা বারবার ‘ট্রাম্প আউট’ স্লোগান দিয়ে মার্কিন প্রেসিডেন্টকে ফিলিপাইন ছাড়ার দাবি জানান।
এর আগে সোমবার বিক্ষোভকারীরা ট্রাম্পের কুশপুত্তলিকা পোড়ান। এ সময় লাঠি ও ঢাল হাতে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। বিক্ষোভকারীদের বিভিন্ন প্ল্যাকার্ডে ট্রাম্পকে বিশ্বের ‘নম্বর ওয়ান সন্ত্রাসী’ হিসেবেও অভিহিত করা হয়।
গ্রেপ্তারের নিন্দা বিক্ষোভকারীদের
বিক্ষোভের নেতা রেনাতো রেইয়েস গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়েছেন। তাঁর দাবি, ২০২২ সালে প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র ক্ষমতায় আসার পর এক দিনে এত বেশি মানুষ গ্রেপ্তারের ঘটনা আর ঘটেনি।
রেইয়েস বলেন, ‘আমেরিকার জনগণের কাছেই যিনি এত স্পষ্টভাবে প্রত্যাখ্যাত, ফিলিপাইন সরকার তাঁর জন্য লালগালিচা বিছিয়ে দিচ্ছে—এটা সত্যিই পাগলামি।’
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার জন্য ট্রাম্প প্রশাসনের সমালোচনা করে তিনি বলেন, এই যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে বিপর্যস্ত করেছে এবং ফিলিপাইনে তেলের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে।
রেইয়েস আরও বলেন, ‘ট্রাম্পকে তাঁর অপরাধের মূল্য দিতে হবে এবং শুধু আমেরিকার জনগণের কাছেই নয়, বিশ্বের মানুষের কাছেও তাঁকে জবাবদিহি করতে হবে।’
এশিয়া সফরে ট্রাম্প
ফিলিপাইন ট্রাম্পের তিন দিনের এশিয়া সফরের প্রথম গন্তব্য। ম্যানিলা সফরের পর অস্ট্রেলিয়া, জাপান ও ভারতের নেতাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাঁর।
এরপর চীনে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে ট্রাম্পের।
এ ছাড়া সফরকালে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের সম্ভাবনার কথাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
ইরানে পারিবারিক সম্মান রক্ষায় কিশোরীকে হত্যা, বাবা ও অধ্যক্ষ গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের মুসলিম সংগঠনকে ‘সন্ত্রাসী’ তকমা প্রত্যাহার করবেন টেক্সাসের গভর্নর
সন্ত্রাসী গোষ্ঠীর দুটি সশস্ত্র সেল ভেঙে দিলো ইরান, জব্দ ৭০ স্টারলিংক ডিভাইস