রোববার মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরি ও এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলো। এর মধ্য দিয়ে ইরানকে ঘিরে ওই অঞ্চলে সামরিক উপস্থিতি আরও জোরদার করল ওয়াশিংটন।
ইউএসএস থিওডোর রুজভেল্ট বিমানবাহী রণতরি স্ট্রাইক গ্রুপের এই মোতায়েন এমন এক সময়ে হলো, যখন যুক্তরাষ্ট্র দাবি করছে, বড় আকারের সামরিক অভিযান আবার শুরু করার কোনো পরিকল্পনা তাদের নেই। বরং অবরোধের মাধ্যমে ইরানের ওপর চাপ অব্যাহত রাখতে চায় ওয়াশিংটন।
গত ১০ নভেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘অর্থনৈতিক উপায় ও চাপ প্রয়োগের মাধ্যমে যদি একই লক্ষ্য অর্জন করা যায়, তাহলে আমাদের সামরিক হামলা চালানোর প্রয়োজন নেই।’
তবে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধি ইঙ্গিত দিচ্ছে, ১৪ জুলাই থেকে ইরানের ওপর ওয়াশিংটনের আরোপ করা অর্থনৈতিক অবরোধ তেহরানকে শিগগিরই আত্মসমর্পণে বাধ্য করতে পারবে—এমন সম্ভাবনা কম। সাম্প্রতিক দিনগুলোতে উপসাগরীয় অঞ্চলে হামলার ঘটনা দেখিয়েছে, যুক্তরাষ্ট্রের হুমকির জবাব দেওয়ার সক্ষমতা ইরানের রয়েছে এবং প্রয়োজন মনে করলে দেশটি তা প্রয়োগ করতেও প্রস্তুত।
এদিকে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী সক্ষমতার সীমায় পৌঁছানোর ঝুঁকিতে রয়েছে। নাবিকদের মধ্যে তাজা খাবারের সংকটও দেখা দিয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম এমএস নাউ বুধবার জানিয়েছে, নৌবাহিনীর সচিব হুং কাও নাবিক ও তাঁদের পরিবারের সদস্যদের অন্তত ১১ মাসের মোতায়েনের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। সাধারণত এই মোতায়েনের মেয়াদ ছয় মাস।
দীর্ঘ সময় দায়িত্ব পালনের কারণে নৌবাহিনীর সাধারণ সদস্যদের মনোবল আরও কমছে। মধ্যপ্রাচ্যে আবারও অনির্দিষ্টকালের যুদ্ধের আশঙ্কায় তাঁদের মধ্যে অসন্তোষ বাড়ছে।
প্রতিবেদন অনুযায়ী, কাও বলেছেন, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যকর রাখতে অন্তত ১৭টি ডেস্ট্রয়ার মোতায়েন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের মোট ডেস্ট্রয়ারের সংখ্যা ৭৭টি। এর মধ্যে প্রায় ৩০টি বর্তমানে রক্ষণাবেক্ষণের কাজে রয়েছে।
আটলান্টিক কাউন্সিলের অনাবাসিক জ্যেষ্ঠ গবেষক ওমের ওজকিজিলচিক মিডল ইস্ট আইকে বলেন, ‘ট্রাম্প প্রশাসন অত্যন্ত কঠিন অবস্থায় রয়েছে। তারা নিজেদের সামরিক শক্তি প্রদর্শন করে ইরানকে চুক্তিতে বাধ্য করার চেষ্টা করছে।’
তিনি আরও বলেন, ‘কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, যুদ্ধের প্রথম দিন থেকেই নেওয়া কৌশলগত ভুল হিসাবই ইরানের ক্ষেত্রে ট্রাম্পের লক্ষ্য অর্জনের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।’
ছবি: ২০২৬ সালের ৪ নভেম্বর অস্ট্রেলীয় নৌযান এইচএমএএস স্টলওয়ার্টের পাশে ইউএসএস থিওডোর রুজভেল্ট। (মার্কিন নৌবাহিনী/এএফপি)
ইরানের সমুদ্রপথে অবরোধের পাশাপাশি এবার স্থলপথেও অভিযান চালাচ্ছে ওয়াশিংটন। ইরানের স্থল সীমান্তগুলো অবরোধ করতে মার্কিন সামরিক বাহিনী ‘টাস্ক ফোর্স আয়রন গেট’ নামে একটি বাহিনী গঠন করেছে।
৮ নভেম্বর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বাহিনীকে ‘পূর্ণ শক্তিতে ও কার্যকর অবস্থায়’ মোতায়েনের ঘোষণা দেন। একই সঙ্গে তিনি দাবি করেন, সামরিক দিক থেকে যুদ্ধ ‘কার্যত শেষ’ এবং বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট।
১২ নভেম্বর তিনি বলেন, ‘ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই।’
তবে সবাই তাঁর এই মূল্যায়নের সঙ্গে একমত নন।
ওজকিজিলচিক বলেন, ‘সামরিক শক্তি প্রয়োগ করে মার্কিন প্রশাসন কৌশলগত পর্যায়ে কিছু বিজয় অর্জন করতে পারে। কিন্তু কোনো কৌশলগত বিজয়ই ভুল কৌশলগত সিদ্ধান্তের ক্ষতি পুষিয়ে দিতে পারে না।’
তাঁর মতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত ভুলগুলোর একটি ছিল ট্রাম্পের সিদ্ধান্ত। তিনি নিজের উপদেষ্টাদের মূল্যায়নের চেয়ে ইসরায়েলি নেতৃত্বের দেওয়া গোয়েন্দা তথ্যের ওপর বেশি আস্থা রেখেছিলেন। পাশাপাশি তিনি ধরে নিয়েছিলেন, স্বল্পমেয়াদি বিমান অভিযানই ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার জন্য যথেষ্ট হবে।
অধিকাংশ বিশ্লেষকের মতে, সংঘাতের আরেকটি পর্ব শুরু হলেও ফলাফল ভিন্ন হওয়ার সম্ভাবনা কম।
উপসাগরীয় দেশগুলোও বুঝতে পারছে, নতুন করে যুদ্ধ শুরু হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে তারাই। কাতার এখনো মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ওজকিজিলচিকের ভাষায়, ‘তবে উপসাগরীয় দেশগুলোর সামনে কূটনৈতিক ক্ষেত্র এবং ট্রাম্প প্রশাসনের ওপর নিজেদের প্রভাব কাজে লাগানো ছাড়া তেমন কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই।’
যুদ্ধের অর্থনৈতিক মূল্য
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ ইতিমধ্যে বিশ্ব অর্থনীতির ক্ষতি করেছে। যুদ্ধের শুরুর দিকে সমর্থন জানানো জার্মানির চ্যান্সেলর সম্প্রতি অভিযোগ করেছেন, শুধু জ্বালানির বাড়তি দামেই ইউরোপীয় ইউনিয়নের ব্যবসাপ্রতিষ্ঠান ও ভোক্তাদের ১১২ বিলিয়ন ডলারের বেশি ব্যয় হয়েছে।
মুডিসের অক্টোবরে প্রকাশিত এক হিসাব অনুযায়ী, মূল্যস্ফীতি ও জ্বালানির দাম বৃদ্ধির কারণে যুদ্ধের প্রভাবে প্রতিটি মার্কিন পরিবারের গড় ব্যয় প্রায় ২ হাজার ডলার বেড়েছে। ব্রাউন ইউনিভার্সিটির ‘ইরান ওয়ার এনার্জি ট্র্যাকার’-এর তথ্য অনুযায়ী, বাড়তি জ্বালানি ব্যয় বাবদ মার্কিন ভোক্তাদের ১৬১ বিলিয়ন ডলারের বেশি খরচ হয়েছে।
যুদ্ধের অর্থনৈতিক ক্ষতি উপসাগরীয় অঞ্চল, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সীমানা ছাড়িয়ে আরও বিস্তৃত হয়েছে।
গবেষকদের হিসাব অনুযায়ী, মার্চ থেকে আগস্টের মধ্যে পূর্ব এশিয়ার দেশগুলোকে জীবাশ্ম জ্বালানির জন্য অতিরিক্ত নিট ৪৯ বিলিয়ন ডলার ব্যয় করতে হয়েছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এপ্রিলের এক মূল্যায়নে বলা হয়েছে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক উৎপাদন ৩০০ বিলিয়ন ডলার পর্যন্ত কমে যেতে পারে।
অন্যদিকে, আফ্রিকার ৩২টি অর্থনীতিতে জ্বালানি ব্যয় সম্মিলিতভাবে ২১ দশমিক ৯ বিলিয়ন ডলার বেড়েছে। এর ফলে আরও লাখ লাখ মানুষ দারিদ্র্যের দিকে ঠেলে পড়েছে।
ইরানও উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়েছে।
ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ ইরান বিশ্লেষক হামিদরেজা আজিজি মিডল ইস্ট আইকে বলেন, ‘অবরোধ ও নিষেধাজ্ঞা ইতিমধ্যে ইরানের ওপর উল্লেখযোগ্য অর্থনৈতিক চাপ সৃষ্টি করেছে। ওয়াশিংটন সম্ভবত মনে করছে, সময় তাদের পক্ষেই কাজ করছে।’
তবে তিনি বলেন, ‘অর্থনৈতিকভাবে ইরানকে দুর্বল করা আর দেশটির নেতৃত্বকে রাজনৈতিক ছাড় দিতে বাধ্য করা—দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়।’
তাঁর মতে, অর্থনৈতিক পরিস্থিতির অবনতি ঘটছে বলেই তেহরান মার্কিন দাবি মেনে নিতে প্রস্তুত—এমনটা মনে করার কোনো কারণ নেই।
আজিজির ভাষায়, ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি বাড়ানোর মাধ্যমে ওয়াশিংটন একদিকে আরও হামলার বিশ্বাসযোগ্য হুমকি বজায় রেখে চাপ প্রয়োগের কূটনীতি জোরদার করতে চাইছে। অন্যদিকে, অবরোধ ভাঙতে ইরান সামরিকভাবে উত্তেজনা বাড়াতে পারে—এমন পরিস্থিতির জন্যও প্রস্তুতি নিচ্ছে।
তবে একই সঙ্গে এটি অর্থনৈতিক চাপ প্রয়োগের কৌশলের সীমাবদ্ধতা ও অনিশ্চয়তারও প্রতিফলন বলে মনে করেন তিনি।
গোলাবারুদের সংকট
ওয়াশিংটনের রাজনৈতিক নেতৃত্ব যখন সামরিক উপস্থিতি বাড়াচ্ছে, তখন সশস্ত্র বাহিনীর ভেতরে সংঘাত আরও বাড়ানোর আগ্রহ তুলনামূলকভাবে কম।
এ ছাড়া নতুন করে যুদ্ধ শুরুর প্রস্তুতি রয়েছে—ট্রাম্প প্রশাসন এমন বার্তা দিতে চাইলেও মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে ভিন্ন চিত্র উঠে আসছে।
১৭ নভেম্বর দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার ইন্টারসেপ্টর পুনরায় মজুত করতে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ উপকরণ সংগ্রহে পেন্টাগন সমস্যায় পড়েছে। সরবরাহব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশগুলো সামরিক চাহিদার সঙ্গে তাল মেলাতে পারছে না।
ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ (আইআইএসএস) ১০ নভেম্বর প্রকাশিত এক গোলাবারুদবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে সতর্ক করেছে, যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুত এখনো কমে যাওয়া অবস্থায় রয়েছে। ইরানের সঙ্গে আবারও যুদ্ধ শুরু করার মতো অস্ত্র যুক্তরাষ্ট্রের হাতে থাকলেও যুদ্ধের আগে মজুত থাকা গুরুত্বপূর্ণ অস্ত্রব্যবস্থার দুই-তৃতীয়াংশ ব্যবহার করে ফেলায় দেশটি এখনো ঝুঁকির মধ্যে রয়েছে।
ক্রাইসিস গ্রুপের ইরান বিশ্লেষক হামিদরেজা আজিজি বলেন, ‘আবারও সামরিক পদক্ষেপ নেওয়া হলে সংঘাতের সমাধান না হয়ে বরং তা দীর্ঘায়িত হওয়ার ঝুঁকি রয়েছে।’
অতীতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সামরিক অবকাঠামো এবং রাজনৈতিক নেতৃত্বের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। তবে আজিজির মতে, এসব হামলা ইসলামি প্রজাতন্ত্রের কমান্ড কাঠামো ভেঙে দিতে কিংবা যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক অংশীদারদের ক্ষতি করার সক্ষমতা থেকে তেহরানকে বঞ্চিত করতে পারেনি।
তিনি আরও বলেন, ‘আরও হামলা চালালে নিঃসন্দেহে ইরানের সামরিক সম্পদের আরও ক্ষতি করা এবং দেশটির নির্দিষ্ট কিছু সক্ষমতা দুর্বল করা সম্ভব। কিন্তু এতে চূড়ান্ত রাজনৈতিক ফলাফল অর্জিত হবে—এমন প্রমাণ খুব কম।’
সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) হিসাব অনুযায়ী, এপ্রিলে যুদ্ধবিরতির আগে ৩৯ দিনের সামরিক অভিযানে মার্কিন বাহিনী ১ হাজার ৬০ থেকে ১ হাজার ৪৩০টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ব্যবহার করেছে। যুদ্ধের আগে মজুত থাকা আনুমানিক ২ হাজার ৩৩০টি ইন্টারসেপ্টরের ৪৫ থেকে ৬১ শতাংশ এটি। এ ছাড়া প্রায় ৩৬০টি মজুত থেকে ১৯০ থেকে ২৯০টি থাড (THAAD) ইন্টারসেপ্টর ব্যবহার করা হয়েছে।
সিএসআইএসের প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, ‘একটি ক্ষেপণাস্ত্র ছুড়তে মাত্র কয়েক মিনিট লাগে, কিন্তু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার জন্য বিকল্প ক্ষেপণাস্ত্র তৈরি করতে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে।’
আজিজি বলেন, ‘আরেক দফা হামলা হলে তেহরানের পাল্টা জবাব দেওয়ার সংকল্প আরও দৃঢ় হতে পারে। এতে সংঘাত পুরো অঞ্চলজুড়ে, এমনকি এর বাইরেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘ওয়াশিংটনের জন্য এটাই সবচেয়ে বড় দ্বিধা। ইরানের ব্যাপক ক্ষতি করার সামরিক সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। কিন্তু সেই সক্ষমতা থাকলেই তেহরানকে মার্কিন শর্ত মেনে নিতে বাধ্য করা যাবে—এমন নিশ্চয়তা নেই।’
তাঁর মতে, ‘বাস্তবসম্মত রাজনৈতিক লক্ষ্য এবং বিশ্বাসযোগ্য কূটনৈতিকভাবে উত্তরণের কৌশল ছাড়া নতুন করে সামরিক পদক্ষেপ নিলে সংঘাতের সমাধান হবে না; বরং তা আরও দীর্ঘায়িত হবে।’